পারস্যের রাজপুত্র ঢাকায়!
আলামুত একটি সুন্দর আর পবিত্র শহর। তামিনানামের এক রাজকন্যা সেখানে শাসন করছেন। ইরানের এক যুবরাজ আক্রমণ চালিয়ে এ শহরটি একেবারে ধ্বংস করে দেয়। আলামুতের পুরোহিতেরা শত শত বছর ধরে একটি খঞ্জর লুকিয়ে রেখেছেন। তাঁদের বিশ্বাস যে-ই এ খঞ্জর হাতে নিতে পারবে, সে সময়কে পেছনের দিকে নিয়ে যেতে পারবে এবং বিশ্বের ভাগ্যও বদলে দিতে পারবে। এমনকি এ খঞ্জর পৃথিবীকে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলার ক্ষমতা রাখে। অনেক ঘটনার পর খঞ্জরটি ইরান সম্রাটের পালকপুত্র দাস্তানের হাতে এসে যায়। কোনো এক ষড়যন্ত্রের কারণে দাস্তান ফেরারি হয়ে যায় এবং তামিনা ওই খঞ্জর ফিরে পাওয়ার জন্য দাস্তানের পিছু নেয়। একসময় জানা যায় দাস্তানের চাচা ওই খঞ্জরের সাহায্যে বিশ্ব সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু দাস্তান শেষ মুহূর্তে বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। খঞ্জর ব্যবহার করে সময়কে পেছনের দিকে নিয়ে যায় এবং ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। এ রকমই এক কল্পকাহিনি নিয়ে নির্মিত ‘প্রিন্স অব পারসিয়া: দ্য স্যান্ডস অব টাইম’ চলচ্চিত্রটি গত বছরের ২৮ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এর আগে অবশ্য ৯ মে লন্ডনে চলচ্চিত্রটির একটি প্রিমিয়ারও করা হয়। এখন ছবিটি ঢাকার দর্শকদের দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। কাল থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে।ওয়াল্ট ডিজনি পিকচার্স পরিবেশিত এই ছবিটি প্রায় ২০ কোটি ডলার ব্যয়ে নির্মিত হয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই ৪৬৮ বার প্রদর্শিত হয়। সেপ্টেম্বর মাসে এসে ছবিটি প্রায় ১০ কোটি ডলার আয় করে।মাইক নেউইলের পরিচালনায় ছবির পাত্র-পাত্রীরা হলেন—জ্যাক গিলেনহ্যাল, গিমা আর্টারটন, আলফ্রেড মলিনা, বেন কিংস্লে, টবি কেবেল প্রমুখ।