১৪ নভেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে পারাপার ছবিটি। সঞ্জয় নাগের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের আহমেদ রুবেল। তাঁর চরিত্রের নাম রুদ্র। ১৪ বছর পর জেল থেকে বেরিয়ে যে আবিষ্কার করে, আশপাশের পুরো জগৎটা বদলে গেছে। শুটিং চলাকালীনই আহমেদ রুবেলের কাজ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত আর পাওলি দাম। ছবি মুক্তির পর তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে ওপার বাংলার দর্শকের কাছেও। পারাপার ছবির প্রচারণায় রুবেল এখন আছেন কলকাতায়। ১৭ নভেম্বর সকালে ঢাকা থেকে মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে।

কেমন আছেন? কোথায় আছেন?
আছি ভালো। এখন আছি কলকাতার আলীপুরে। নাশতা করছিলাম।
‘পারাপার’ মুক্তি পেয়েছে। প্রচারণার কাজ নিয়ে নিশ্চয়ই খুব ব্যস্ত সময় কাটছে।
আমার এখানে আসার কথা ছিল ৪-৫ তারিখের দিকে। একটু দেরি হয়ে গেল। ১১ নভেম্বর কলকাতায় পৌঁছালাম। প্রচারণা তো চলছেই। আমরা বেশ কয়েকটা হলে গিয়েছি। এখানকার বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে হচ্ছে। আজকে ব্যস্ততা একটু কম।
উদ্বোধনী প্রদর্শনীর অভিজ্ঞতা কেমন?
বেশ ভালো। ছবির সঙ্গে জড়িত সবাই কাজ নিয়ে সন্তুষ্ট। এ ছাড়া বিভিন্ন মাধ্যমের সাংবাদিক, অতিথিরা এসেছিলেন। সবাই প্রশংসা করলেন। বললেন, ভালো একটা ছবি হয়েছে।
সাধারণ দর্শকের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন? তাঁরা কী বলছেন?
কথা হয়েছে। এখনো কোনো নেতিবাচক মন্তব্য পাইনি। ছবিটা মুক্তি পেল মাত্র তো তিন দিন—কয়েকটা দিন গেলে প্রতিক্রিয়াটা ভালো বোঝা যাবে।
কলকাতার দর্শক আপনাকে কী নামে চিনছে? রুবেল, নাকি রুদ্র?
রুদ্র চরিত্রে যেহেতু অভিনয় করেছি, কারও কারও কাছে তো আমি রুদ্রই। তবে রুবেল নামেও মানুষ চেনে। আগে থেকেই প্রচারণা চলছিল। সঞ্জয় নাগ কলকাতায় একটা ছবি বানাচ্ছেন, সেখানে বাংলাদেশের একটা ছেলে অভিনয় করছে। তাই নতুন করে পরিচিত হতে হয়নি। মজার ব্যাপার হলো, অনেক দর্শক ভেবেছেন, আমার ভয়েসটা কলকাতার কাউকে দিয়ে ডাবিং করানো হয়েছে। আমার কথা শুনেও নাকি বোঝা যায়নি, আমি এখানকার নই।
এই প্রথম কলকাতার ছবিতে অভিনয় করেছেন। তাও আবার জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক সঞ্জয় নাগের সঙ্গে। কোনটা আপনার কাছে বড়?
দুইটা তো একই। সঞ্জয় নাগই আমাকে প্রথম কলকাতায় কাজ করার সুযোগ দিয়েছেন। তা ছাড়া এমন একটি চরিত্রের জন্য আমাকে ভেবেছেন, এটাও একটা বড় ব্যাপার।
‘সত্তা’ ছবিতে শুনলাম, পাওলি দাম আপনার মেয়ের চরিত্রে অভিনয় করছেন। এক ছবিতে সহশিল্পী, পরের ছবিতেই মেয়ে!
এটা নতুন কিছু না। একেক ছবিতে একেক রকম সম্পর্ক হবে, এটাই স্বাভাবিক। সত্তা ছবির গল্প যেমন, আমাকে অবশ্য পাওলির মুখোমুখিই হতে হবে না।
কলকাতায় নতুন কোনো ছবি...
এখনো নিশ্চিত হয়নি। প্রাথমিক পর্যায়ের কথা হয়েছে।
দেশে ফিরছেন কবে?
শনি-রোববারের দিকে ফিরতে পারি। মাঝে অসুস্থতার জন্য কিছুদিন কাজ করতে পারিনি। দেশে ফিরে ধারাবাহিক আর এক পর্বের নাটকের কাজ আছে। সত্তা ছবির শুটিংও চলবে।
মো. সাইফুল্লাহ