পারিবারিক সফরে সুইজারল্যান্ডে সৈয়দ আবদুল হাদী
পারিবারিক সফরে এক মাসের জন্য সুইজারল্যান্ডে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। ১৪ মে সোমবার সকালে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। যাওয়ার আগে আজ শুক্রবার সকালে প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘এটা পুরোপুরিভাবে আমার পারিবারিক সফর। আমার সঙ্গে এ সফরে আরও থাকবে বড় মেয়ে, বড় জামাতা ও নাতি-নাতনিরা। সুইজারল্যান্ডে আমার ছোট মেয়ে তনিমা থাকে। আসলে সবার সঙ্গে একান্তে কয়েকটা দিন সময় কাটানোর জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে।’সুইজারল্যান্ডের কোনো অনুষ্ঠানে গান করার সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘আমার সঙ্গে সেখানকার কয়েকটি সংগঠন অবশ্য যোগাযোগ করেছিল। আমি কিন্তু তাদেরকে সরাসরি না করে দিয়েছি। আসলে এমনিতে নানা ব্যস্ততার কারণে পরিবারের সবাইকে সেই অর্থে সময় দেওয়া হয় না। তা ছাড়া এবার যেহেতু সবাই একসঙ্গে যাচ্ছি, তাই এই কটা দিন নিজের মতো করে পরিবারের সবার সঙ্গে কাটাতে চাই। তাই কোনো অনুষ্ঠানে গান করতে রাজি হইনি।’সৈয়দ আবদুল হাদীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত হয়েছিল রবীন্দ্রসংগীতের অ্যালবাম। এরপরই তিনি নজরুলসংগীতের অ্যালবামের করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। অ্যালবামটির কাজ কত দূর এগিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজটি শুরু করেছিলাম। কিন্তু দেশের বাইরে যাওয়ার কারণে এক মাস পিছিয়ে গেল। তবে এসেই পুরোদমে নজরুলসংগীতের অ্যালবামটির কাজ শুরু করব।’