পারুকে শ্রদ্ধাঞ্জলি দেবদাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবদাস ছবিতে সুচিত্রা সেন ও দিলীপ কুমার
দেবদাস ছবিতে সুচিত্রা সেন ও দিলীপ কুমার

রুপালি পর্দার প্রথম দেবদাস তিনি। সেই দেবদাস হারিয়ে ফেললেন পারুকে। চলে গেলেন সুচিত্রা সেন। সুচিত্রার প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ‘দেবদাস’ দিলীপ কুমার। স্মৃতিচারণা করে বলেছেন, ‘ছয় দশক আগের দিনটার কথা মনে পড়ছে, যেদিন দেবদাস-এর প্রথম শুটিং হলো। বিমলদা (পরিচালক বিমল রায়) আমাকে পার্বতীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, বাংলার চিরায়ত সুন্দরী এক নারীর সঙ্গে।’
সুচিত্রার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে দিলীপ বলেন, ‘ও খুবই সহজাত অভিনেত্রী ছিল। প্রতিটা ডিটেল ও খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করত। শুটিংয়ে আসার আগে ভালোভাবে স্ক্রিপ্ট পড়ে নিত। অতুলনীয় অভিব্যক্তির একজোড়া চোখ ছিল ওর। দেবদাস-এর একটি দৃশ্যে আমাকে সরাসরি ওর চোখের দিকে তাকাতে হয়েছিল, যে চাহনি হবে রোমান্স আর করুণ রসে পূর্ণ। সেও একইভাবে গভীর দৃষ্টি নিয়ে আমার দিতে তাকাল। সামান্য নড়ে গেল ওর ঠোঁট। সত্যিই অসাধারণ ছিল!’
দুজনে জুটি বেঁধে খুব বেশি কাজ করেননি। তবে যেটুকু করেছেন, তাতেই দিলীপের মন জিতে নিয়েছেন সুচিত্রা। দিলীপ বলেন, ‘ওর হিন্দি উচ্চারণে ছিল বাংলার টান, যেটা খুব মিষ্টি শোনাত। একই সংলাপ ও পাঁচভাবে দিতে পারত। ১৯৫৭ সালে আমরা মুসাফিরও করেছিলাম। এর পর আর জুটি বাঁধা হয়নি। স্বীকার করতেই হবে, উত্তমকুমারের সঙ্গে ওর জুটিটাই সর্বকালের সেরা।’
দেবদাস-এ চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছিলেন বৈজয়ন্তিমালা। শ্রদ্ধা জানিয়েছেন তিনিও, ‘সুচিত্রা আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রীদের একজন। তিনি ছিলেন অসাধারণ! অনেকগুলো স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। খুব দুঃখের কথা হচ্ছে, তাঁর সঙ্গে আমার সরাসরি কখনো দেখাই হয়নি। দেবদাস-এ তাঁর আর আমার সব কটি দৃশ্য শুট হয়েছে আলাদা আলাদা।’ টিএনএন।