পার্থ বড়ুয়ার প্রথম ছবি অনিশ্চিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থ বড়ুয়া
পার্থ বড়ুয়া

কথা ছিল, এ বছরের এপ্রিলে প্রথম সিনেমার শুটিং শুরু করবেন পার্থ বড়ুয়া। শুধু তা-ই নয়, ‘এই মুহূর্তে’ নামের ছবিটিতে পার্থ বড়ুয়ার পাশাপাশি সোলস ব্যান্ডেরও থাকার কথা ছিল। সেভাবেই সব ধরনের প্রস্তুতিও নিয়েছিলেন পার্থ বড়ুয়া। কিন্তু শেষ মুহূর্তে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের কারণেই সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি তাঁর। কারণ, পরিচালক তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ে ছবিটির শুটিং শুরু করতে পারেননি।

প্রথম আলো ডটকমকে পার্থ বড়ূয়া বলেন, ‘“এই মুহূর্তে” ছবিতে আমার অভিনয়ের কথা ছিল। ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত এপ্রিলে। এরপর আর কোনো খবর জানি না। এই ছবি নিয়ে আমি এখন আর সেভাবে কথাও বলতে চাই না। এটার খবর পরিচালকই ভালো বলতে পারবেন।’

‘এই মুহূর্তে’ ছবিটি প্রসঙ্গে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘এপ্রিলেই ছবিটির শুটিং শুরু করার কথা ছিল। কিছু অংশের শুটিংও করেছিলাম। কিন্তু কারিগরি জটিলতার কারণে পরে আর কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। আপাতত ছবির শুটিং বন্ধ আছে। আমি এখন নতুন আরেকটি ছবির কাজ নিয়ে ভাবছি।’

এদিকে পার্থ বড়ুয়া এখন এনটিভির নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। শাফায়েত মনসুর রানা পরিচালিত নাটকটির নাম ‘ইচ্ছেঘুড়ি’। এই নাটকে অভিনয় প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘আমি সাধারণত এক ঘণ্টার নাটকেই বেশি অভিনয় করি। ধারাবাহিক নাটকে শেষ কাজ করেছিলাম বছর দুয়েক আগে। নাম ‘‘ডেড এন্ড’’।  তবে গল্প পছন্দ হলে ধারাবাহিক নাটকেও অভিনয় করি। এবার তেমনই একটি পছন্দের গল্পে অভিনয় করছি। নাটকটির পরিচালক শাফায়েত মনসুর রানার সঙ্গে এটি আমার প্রথম কাজ। মাস খানেক হলো ওর সঙ্গে কাজ করছি। এতদিনের কাজের অভিজ্ঞতায় এটুকু বলতে পারি, শাফায়েত বেশ গোছানো কাজ করে।’