পার্থ বড়ুয়ার মৌ-বন্দনা

সংগীতশিল্পী পার্থ বড়ুয়া মাঝেমধ্যেই অভিনয় করেন। পার্থ এবার অভিনয় করেছেন মডেল ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌর বিপরীতে। নাটকের নাম ‘শ্রাবণের বৃষ্টি’। একসঙ্গে প্রথমবার নাটকের শুটিংয়ে মৌর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পার্থ বড়ুয়া।
পার্থ বড়ুয়া বলেন, ‘মৌ এমনিতেই অনেক ভালো একজন মডেল। অনেক অভিনয়ও করেন। তার সঙ্গে কখনো আমার দেখা এবং আড্ডা দেওয়া হয়নি। নাটকের শুটিং করতে যেয়ে মৌর সঙ্গে আমার প্রথম দেখা। হরতালের কারণে আমরা একসঙ্গে একই গাড়িতে চড়ে শুটিংয়ে গেছি। সেখানেই মৌর সঙ্গে প্রথম আলাপ। কথায় কথায় মানুষ মৌকে অনেক ভালোভাবে জানতে পারলাম। সবকিছু মিলিয়ে মনে হয়েছে, মৌ অসাধারণ একজন মানুষ।’
এদিকে অভিনয়শিল্পী মৌ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে মৌ খুবই চমত্কার। অনেক বেশি সহযোগিতাপরায়ণ। নাটকের সেটে অভিনয়ের নানা দিক নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমি অভিনয় করেও অনেক মুগ্ধ হয়েছি।’
জানা গেছে, পুরোনো ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ‘শ্রাবণের বৃষ্টি’ নাটকটির শুটিং শেষ হয়েছে।
এদিকে, ‘শ্রাবণের বৃষ্টি’ নাটকটি ছাড়াও পার্থ বড়ুয়া এখন এনটিভির একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শাফায়েত মনসুর রানা পরিচালিত নাটকটির নাম ‘ইচ্ছেঘুড়ি’। পার্থ এ প্রসঙ্গে জানালেন, ‘আমি সাধারণত নাটকে খুব একটা অভিনয় করি না। আর ধারাবাহিকে তো নয়ই। “ইচ্ছেঘুড়ি” ধারাবাহিকটির গল্প আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে, তাই কাজটি করতে রাজি হয়েছি। নাটকটির পরিচালক রানার সঙ্গে আমার প্রথম কাজ। অনেক গোছানো কাজ করে সে।’