পার্থর সুরে মমতাজের গান
পার্থ মজুমদারের সংগীত পরিচালনায় চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। গত বুধবার সন্ধ্যায় পার্থ মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। ‘শোভনের দিনরাত্রি’ ছবির এই গানটির কথা লিখেছেন ছবিটিরই পরিচালক মানিক মানবিক। সুর করেছেন রণবীর। ‘প্রেমের ঘুড়ি, প্রেমের ঘুড়ি/ ওড়াও বৃন্দাবন’ শীর্ষক গানটির মধ্য দিয়ে এবারই প্রথম একসঙ্গে কোনো গানের কাজ করলেন পার্থ মজুমদার ও মমতাজ।প্রথম আলো ডটকমকে মমতাজ বলেন, ‘এটি চটুল প্রেমের গান। গানটি সবারই ভালো লাগবে।’ মমতাজ আরও বলেন, “‘শোভনের দিনরাত্রি’ ছবির গানটিতে কণ্ঠ দেওয়ার দিনে আমি “সত্তা” নামের আরেকটি ছবির গানে কণ্ঠ দিয়েছি। এটির সংগীত পরিচালক ছিলেন বাপ্পা মজুমদার। এবারই প্রথম এই দুই ভাইয়ের সংগীত পরিচালনায় কোনো গানে কণ্ঠ দিলাম। খুব ভালো অভিজ্ঞতা হলো।’পার্থ মুজমদার বলেন, ‘মমতাজ আপা নিঃসন্দেহে অনেক গুণী শিল্পী। তাঁর তুলনা শুধু তিনিই। তাঁর সঙ্গে করা গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’জানা গেছে, মমতাজের এই গানটি ছাড়াও পুরো ছবির সংগীত পরিচালনার কাজটি করছেন পার্থ মজুমদার। ছবিটির আবহ সংগীতের কাজও করবেন তিনি।মানিক মানবিকের পরিচালনায় ‘শোভনের দিনরাত্রি’ ছবির অভিনয়শিল্পীরা হলেন ফেরদৌস, নিপুণসহ নটরডেম কলেজের একঝাঁক শিক্ষার্থী।