পার্থিব ব্যান্ডের জোড়া অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থিব ব্যান্ডের সদস্যরা
পার্থিব ব্যান্ডের সদস্যরা

১০ বছর পূর্তি উপলক্ষে শ্রোতাদের জন্য জোড়া অ্যালবাম এনেছে ব্যান্ড পার্থিব। নাম পার্থিব, দ্য ডেফিনেট অ্যালবাম। অ্যালবামটিতে ব্যান্ডের বিভিন্ন সময়ের গাওয়া পুরোনো ১০টি গানের নতুন সংগীতায়োজনের পাশাপাশি নতুন ১০টি গান রাখা হয়েছে। ব্যান্ডটির অন্যতম ভোকাল আশফাকুল বারী রুমন বলেন, ‘গানের জগতে আমাদের পথচলার ১০ বছর পূর্তি উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করেছি। ২০১৩ সালে আমাদের ব্যান্ডের ১০ বছর পূর্তি হয়। কিন্তু সে সময় দেশের সার্বিক পরিস্থিতি ভালো না থাকায় অ্যালবাম প্রকাশ করা সম্ভব হয়নি। দুই বছর ধরে ব্যান্ডের সবাই মিলে অ্যালবামটির কাজ করেছি। নতুন গানগুলোর পাশাপাশি পুরোনো গানের সংগীতায়োজন সবার ভালো লাগবে।
নতুন অ্যালবামে কোন ধরনের গান থাকছে জানতে চাইলে রুমন বলেন, এটা আসলে পার্থিব স্টাইলই বলতে পারেন। এই অ্যালবামের গানগুলোর মাধ্যমে পার্থিবকে সবাই চিনতে পারবেন।
উল্লেখ্য, ব্যান্ড গঠনের দুই বছরের মাথায় ২০০৫ সালে বাউন্ডুলে শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করে পার্থিব। ছয় বছর পর প্রকাশিত হয় উৎসর্গ নিজেকে অ্যালবামটি।