পার্বতী থেকে প্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিশ না পেরোতেই অভিনয় করতে হচ্ছে নানি-দাদির ভূমিকায়। কলেজপড়ুয়া নাতনির সঙ্গে তাঁর অনস্ক্রিন দাদির বয়সের পার্থক্যটা বড়জোর ১০ বছর। তবে সোপ অপেরার এই যুগেও ৩৮ বছরের সাক্ষী তানওয়ার অভিনয় করে চলেছেন নায়িকার ভূমিকায়। রং মেখে স্কার্ট পরে কলেজছাত্রী হয়ে নয়, বরং বয়সের সঙ্গে মানানসই ৩০ পেরোনো এক কর্মজীবী, মধ্যবিত্ত পরিবারের মেয়ের ভূমিকায়। তিনি এবং রাম কাপুর অভিনীত বড়ে আচ্ছে লাগতে হ্যায় সিরিয়ালটি তিন মাসেই হয়ে উঠেছে দারুণ জনপ্রিয়।কাহানি ঘর ঘর কি সিরিয়ালের দায়িত্বশীল গৃহবধূ পার্বতী থেকে বড়ে আচ্ছে লাগতে হ্যায়-এর প্রিয়া। দুটি চরিত্রে যোজন ব্যবধান থাকলেও সাক্ষী দুটিতেই দারুণ স্বচ্ছন্দ, সাবলীল। পার্বতীর চড়া মেকআপ, ঝলমলে শাড়ি, ভারী গয়নার বাহুল্য প্রিয়ার নেই। সে জিন্স-কুর্তি বা সালোয়ার-কামিজ পরা সাদামাটা মেয়ে। ৩০ পেরোনো অবিবাহিত মেয়েটি স্বপ্ন দেখে মনের মতো একজন সঙ্গী পাওয়ার। কিন্তু পাকেচক্রে বিয়ে ঠিক হয় সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ রাম কাপুরের সঙ্গে। চল্লিশোর্ধ্ব ব্যবসায়ী রামের সঙ্গে মানসিকতা, অর্থনৈতিক অবস্থান—সবকিছুতেই প্রিয়ার বড় দূরত্ব। কিন্তু তাতে কি ভালোবাসার পথ বাধা পায়? রাজস্থানে জন্ম, দিল্লিতে পড়াশোনা, তারপর মুম্বাইয়ে থিতু হওয়া। কম্পিউটার সফটওয়্যার পরামর্শক হিসেবে পেশাজীবন শুরুর প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় এক বন্ধুর অনুরোধে অডিশন দিতে যান দূরদর্শনে। ১৯৯৬ সালে ডিডি ইন্টারন্যাশনালেদস্তুর সিরিয়ালটি দিয়ে অভিনয়জীবনের সূচনা সাক্ষীর। ২০০০ সালে শুরু হয় কাহানি ঘর ঘর কি। টানা আট বছর ধরে আগরওয়াল পরিবারের বড় বউ পার্বতী চরিত্রে অভিনয় করে গেছেন। প্রযোজক একতা কাপুর সে সময়ই কথা দিয়েছিলেন, তাঁকে নিয়ে ভিন্ন ধারার একটি সিরিয়াল নির্মাণ করবেন। সেই সিরিয়ালই হলো বড়ে আচ্ছে লাগতে হ্যায়। এর মধ্যেই সি কোম্পানি সিনেমাটিতেও অভিনয় করা হয়েছে তাঁর। সামনে সানি দেওলের সঙ্গে মহল্লা আসিস নামের একটি ছবিতে অভিনয় করার কথা।ব্যক্তিগত জীবনে বিবাহিত না হয়েও দিব্যি মানিয়ে গেছেন পার্বতী চরিত্রে। তবে সাক্ষীর সঙ্গে নাকি প্রিয়ারই বেশি মিল বলে মনে করেন তিনি। অপেক্ষায় আছেন মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার।  রুহিনা তাসকিন সূত্র: ওয়েবসাইট