পার্বতী বাউল আসতে চান বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় বাউলসংগীত শুরুর আগে মঞ্চে যখন পার্বতী বাউলকে দেখেছিলাম, তখন মনে হয়েছিল তিনি বোধহয় অবাঙালি বাউল। সঙ্গে আসা সহকারীরাও কথা বলছিলেন মালয়ালাম ভাষায়। মালয়ালাম দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ভাষা। পার্বতী বাউলও সহকারীদের উত্তর দিচ্ছিলেন ওই একই ভাষায়। তাঁর বেশভূষাও ছিল একটু ভিন্ন ধরনের। মনেই হয়নি তিনি বাঙালি হতে পারেন। ঘটনাটি ২৬ ফেব্রুয়ারির। ওই দিন টাইমস অব ইন্ডিয়া ও প্রথম আলোর যৌথ উদ্যোগে কলকাতার প্রিন্সেপ ঘাটের উন্মুক্ত মঞ্চে আয়োজিত মৈত্রী বন্ধন উৎসবের সংগীতসন্ধ্যায় সুদূর কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম থেকে এসেছিলেন পার্বতী বাউল। মাথায় বিশাল জটবাঁধা চুল। মাথা থেকে পা পর্যন্ত। ছিলেন গেরুয়া পোশাকে। মঞ্চে উঠে যখন একতারা নিয়ে গান ধরলেন, তখন বোঝা গেল, আরে! এত খাঁটি বাঙালি। বাংলা ভাষায় একের পর এক বাউল গান গেয়ে চলেছেন। কখনো দাঁড়িয়ে, কখনো নেচে নেচে চুল উড়িয়ে। কে বলবে পার্বতী বাউল কেরালার শিল্পী? পার্বতী বাউল গান শেষ করে নেমে এলেন প্রিন্সেপ ঘাটের উন্মুক্ত মঞ্চের পেছনে। আমি ও আমাদের চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জি ছুটে গেলাম। বললাম, ‘দিদি, কথা বলতে চাই আপনার সঙ্গে।’ অবাক হয়ে তাকালেন। বললেন, ‘ঢাকার পত্রিকা?’ বললাম, ‘হ্যাঁ’। পার্বতী বাউল তখনই আক্ষেপ করে বললেন, ‘বড্ড বাংলাদেশ দেখার শখ। কখনো বাংলাদেশ দেখিনি। পিতৃপুরুষদের জন্মভিটা বাংলাদেশ। শুনেছি কত সুন্দর বাংলাদেশ। ঢাকা ছবির মতো শহর। বিরাট বিরাট অট্টালিকা। ইচ্ছে করে, ছুটে যাই একবার। বাবার কাছে অনেক শুনেছি চট্টগ্রামের কথা। আমাদের পিতৃপুরুষদের জন্মভিটা তো ছিল চট্টগ্রামে। বাবা এখনো বলেন, “সময় পেলে একবার ঘুরে আসিস বাংলাদেশ। তোর খুব ভালো লাগবে ঢাকা আর চট্টগ্রাম।”’ কয়েক দিন পর আবার কথা হলো পার্বতী বাউলের সঙ্গে। বললেন, তাঁর আসল নাম মৌসুমী পারিয়াল। আদি বাড়ি চট্টগ্রামে। ঠাকুরদাদা ছিলেন ইঞ্জিনিয়ার। বাবাও ইঞ্জিনিয়ার। চাকরির সুবাদে সেই দেশভাগের পর বাপ-দাদারা চলে আসেন আসামে। বাবাও আসামে চাকরি করতেন। ‘সত্তরের দশকে আমার জন্ম। আসামে বাঙালি বিতাড়নের আন্দোলন জোরদার হলে বাবা আমাদের নিয়ে আসেন কোচবিহারে। সেখানেই আমরা বড় হই। আমরা চার ভাইবোন। দাদা সবার বড়। তিনিও ইঞ্জিনিয়ার। তিন বোনের মধ্যে আমিই ছোট। কোচবিহার থেকে পড়াশোনার জন্য আমি শান্তিনিকেতনে যাই। সেই ১৯৯৩-১৯৯৬ সাল পর্যন্ত শান্তিনিকেতনে পড়াশোনা করি। তখন খুব ভালো ছবি আঁকতে পারতাম। পড়েছিও ছবি নিয়ে। এ সময় বাঁকুড়ার প্রখ্যাত বাউলশিল্পী সনাতন বাউলের সঙ্গে আমার দেখা হয়। তিনিই আমাকে বাউল গানে মুগ্ধ করেন। আমি তাঁর শিষ্যত্ব গ্রহণ করি। একসময় চলে যাই বাঁকুড়ায়। বাবা-মাও একসময় কোচবিহার ছেড়ে কলকাতার বারাসাতে চলে আসেন।’ বললেন পার্বতী। ‘এই বাউলসংগীতকে নিয়ে আমি একসময় চলে আসি কর্ণাটকের হাম্পিতে এক সাধুবাবার কাছে। তিনি আমাকে উপদেশ দিয়ে বলেন, “চলে যা দক্ষিণে। সেখানে তোর গুরু আছে।” আমি চলে এলাম কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। দেখা পেলাম আধ্যাত্মিক গুরু আবদুস সালামের সঙ্গে। তাঁর কাছে দীক্ষা নিই। শুরু করি বাউল গান সাধনা। ২০০৭ সালে গুরু আবদুস সালাম দেহত্যাগ করেন। তার আগে অবশ্য গুরুর নির্দেশে আমি ১৯৯৭ সালে বিয়ে করি কেরালার রবি গোপাল নায়ারেকে। নায়ার একজন ব্যতিক্রমধর্মী থিয়েটার ব্যক্তিত্ব। তারপর আমি চলে যাই নায়ারের গ্রাম কেরালার রাজধানী তিরুবনন্তপুরম থেকে ২৫ কিলোমিটার দূরের মেধুমাঙ্গাত গ্রামে। এর আগে অবশ্য আমি মুর্শিদাবাদের শশাঙ্ক গোঁসাইয়ের কাছেও বাউল গানে দীক্ষা গ্রহণ করি। এখন আমি পাকাপাকি কেরালার সেই গ্রামে আছি। এখানেই গড়ে তুলেছি আশ্রম। ইচ্ছে আছে গুরুকুল ধাঁচের একটি বাউলসংগীত একাডেমি গড়ার।’ পার্বতী গোটা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেই বাংলা ভাষায় বাউল গান পরিবেশন করেন। কখনো কখনো তিনি সেই গান মালায়ালাম বা ইংরেজি ভাষায় তরজমা করে শোনান। তিনি সব ধরনের বাউল গান নিয়ে সাধনা করেন। পরিবেশনও করেন বিভিন্ন বাউলশিল্পীর গান। আপনার স্বামী বাংলা ভাষা বোঝেন?হাসেন পার্বতী, ‘না, বাংলা ভাষা বোঝেন না। তবে আমি মালায়লাম ভাষা বুঝি।’স্বামীর সঙ্গে তিনি মালায়লাম বা ইংরেজি ভাষায় কথা বলেন। তিনি আরও বললেন, ‘আমার স্বামী আমার মতো বাঙালি খাবার খেতেও পছন্দ করেন। আমি নিজেই এখনো বাড়িতে রান্না করি। অভ্যস্ত হয়ে গেছি দক্ষিণ ভারতের নানা রান্নায়।’ পার্বতী বাউল সবশেষে বললেন, ’বাংলাদেশে না গেলে তো অপূর্ণ থেকে যাবে আমার সাধ। তাই বড্ড ইচ্ছে করে বাংলাদেশ দেখার।’