পালাকার মঞ্চে আনছে ‘রথের রশি’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে পালাকার মঞ্চের জন্য তৈরি করছে রথের রশি নাটকটি। নির্দেশনা দিচ্ছেন শামীম সাগর। নাটকটি নিয়ে তিনি বললেন, ‘রথের রশি নাটকটি সামাজিক সমস্যা নিয়ে। সাধারণত এ ধরনের নাটকে আবেগ ও উচ্ছ্বাস পরিবেশকে এতটাই ভাবাপ্লুত করে তোলে যে দর্শক আবেগেই সম্মোহিত হয়ে যায়। ফলে বুদ্ধি দিয়ে সমস্যা বিচার করার মতো মানসিকতা থাকে না। কিন্তু রথের রশি নাটক দর্শককে বুদ্ধি দিয়ে সমস্যা বিচার করার পরিবেশ তৈরি করে দেয়।’ তিনি আরও বলেন, ‘রথের রশি নাটকে সভ্যতার একটি দুর্দশার ছবি আছে। রথটি কালের, অর্থাৎ ইতিহাসের। পুঁজিবাদ তাকে অনড় করে দিয়েছে। কিন্তু রথটিকে তো এগোতে হবে। মানুষের সভ্যতা তো বর্তমানে এসে থেমে যেতে পারে না, তাকে ভবিষ্যতের দিকে চলতেই হবে। কীভাবে? সেই সমাধানের কথাও রয়েছে রথের রশি নাটকে।’বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ১২ জুন নাটকটির কারিগরি মঞ্চায়ন হবে। উদ্বোধনী প্রদর্শনী হবে ১৫ জুন।