পালাকারের নতুন নাটক ‘নারীগণ’
ইতিহাসের পাতা থেকে তুলে আনা ২৫০ বছর আগের ঘটনা নিয়ে তৈরি হয়েছে নাটক নারীগণ।পলাশীর যুদ্ধে ইংরেজদের জয় হয়েছিল ষড়যন্ত্র আর অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার কারণে। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার মধ্য দিয়ে কোম্পানি রাজত্ব কায়েম হয়।১৭৫৭ সালের ৩ জুলাই নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। মিরনের আদেশে মোহাম্মদী বেগ জাফরগঞ্জ প্রাসাদের নির্জন কক্ষে নবাবকে নৃশংসভাবে হত্যা করে। এরপর নবাবের লাশ হাতির পিঠে নিয়ে মীরন, মোহাম্মদী বেগ ও খান-ই-মুর্শিদ বিজয় মিছিল বের করে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ সেদিন চোখের পানি মুছতে মুছতে এই দৃশ্য দেখেছিল।এ সময় রাজপ্রাসাদের অন্তঃপুরে নারীদের মধ্যে কী ঘটেছিল, তা ইতিহাসের পাতায় লেখা নেই। ইতিহাসের ওপর নির্ভর করে সেই কাহিনি লিখেছেন সৈয়দ শামসুল হক। নারীগণ নাটকে তিনি তুলে ধরেছেন নবাব সিরাজউদ্দৌলার পতনের সময় নবাব মহলের অন্তঃপুরে বন্দী নারীদের জীবনে ঘটে যাওয়া ঘটনা। সিরাজের মাতামহ শরিফুন্নেছা, মা আমিনা আর স্ত্রী লুৎফার বয়ানে উঠে আসে সেই সব ঘটনা। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ, নারীর মর্যাদা ও ইচ্ছার স্বাধীনতাসহ সংশ্লিষ্ট অনেক বিষয়ই উঠে এসেছে এই নাটকে।গত রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৩ নম্বর মহড়াকক্ষে পালাকারের নতুন নাটক নারীগণ-এর মহরত অনুষ্ঠিত হলো। আনুষ্ঠানিকভাবে নাটকটির শুভ মহরত ঘোষণা করেন সৈয়দা আনোয়ারা হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল হক এবং নারীগণ নাটকের নির্দেশক আতাউর রহমান।সৈয়দ শামসুল হক নারীগণ নাটকের প্রেক্ষাপট এবং নাটকটি নিয়ে তাঁর ভাবনার কথা তুলে ধরেন। নাটক থেকে উল্লেখযোগ্য কিছু অংশ পাঠ করে শোনান তিনি। নাটকটি নিয়ে আলোচনা করেন আতাউর রহমান ও পালাকারের অধিকারী আমিনুর রহমান।