পালাকারের নতুন নাটক ‘নোরার তিন কন্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবসেনের এ ডলস হাউজ নাটকে নোরা পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর চিরন্তন অবস্থানকে তীব্রভাবে আঘাত করে। সে স্বামী-সন্তান-সংসার ফেলে অজানার উদ্দেশে বেরিয়ে যায়। কোথায় গেছে, কী করেছে, কত দিন বেঁচে ছিল নোরা? এসবের উত্তর ইবসেন দেননি। ইবসেন কেবল নোরার প্রতিবাদের ভাষাকে সমর্থন করেছেন। নোরার তিনটি সন্তানের ভবিষ্যত্ নিয়ে ছিল অনেকের মনেই প্রশ্ন। পরে সুইডিশ নাট্যকার ও নির্দেশক হেনিং ম্যাংকেল নোরার তিন মেয়েকে নিয়ে এ ডলস হাউজ নাটকের সিক্যুয়াল লিখলেন। দেখতে চাইলেন, নোরার তখনকার অবস্থান থেকে তার তিন কন্যার বর্তমান অবস্থার পার্থক্যটা কোথায়? এ সময় এই মেয়েদের অবস্থান নোরা থেকে কতটা আলাদা? আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার শতবর্ষ উপলক্ষে নাটকটি মঞ্চে আনছে পালাকার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ১৩ মার্চ মঞ্চস্থ হবে নাটকটি। নোরার তিন কন্যা নাটক রূপান্তরিত করেছেন রায়হান আমিন। নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান। তিনি বলেন, ‘আমার নাটকের চরিত্রগুলো বাস্তবতার বেড়াজাল ডিঙিয়ে কল্পবাস্তবতার মায়াজাল বিস্তার করেছে। ধীরে ধীরে প্রকাশিত হয়েছে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের বর্তমান সময়ের নারীর শ্রেণীচরিত্র ও তাদের অবস্থান।’