পালিত হলো আন্তর্জাতিক জাদুঘর দিবস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘আন্তর্জাতিক জাদুঘর দিবস’-এর অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামার নূর ছবি প্রথমআলো
বাংলাদেশ জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘আন্তর্জাতিক জাদুঘর দিবস’-এর অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামার নূর ছবি প্রথমআলো

‘বাংলাদেশ জাতীয় জাদুঘর এ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ ভান্ডার। কিন্তু এখানে যেসব নিদর্শন প্রদর্শন করা হয়, তা সংগ্রহের তুলনায় অনেক কম। জাদুঘরে পর্যাপ্ত জায়গার অভাবে স্টোরে সংরক্ষিত নিদর্শনের ২০ ভাগের ১ ভাগও প্রদশর্ন করা সম্ভব হচ্ছে না। তাই জাদুঘর সম্প্রসারণের বিষয়টি এখন ভীষণ জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। নকশা প্রণয়নের কাজে হাত দেওয়া হয়েছে।’
বুধবার সকালে ‘আন্তর্জাতিক জাদুঘর দিবস’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইন্টারন্যাশনাল কমিটি অব মিউজিয়াম-বাংলাদেশ কমিটি যৌথভাবে আজ সকালে বাংলাদেশ জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এবারের প্রতিপাদ্য ‌‌‘মিউজিয়াম অ্যান্ড কালচারাল ল্যান্ডস্কেপ’ বিষয়ে এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও সাবেক প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান। বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফী মুস্তাফিজুর রহমান। আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইন্টান্যাশনাল কমিটি অব মিউজিয়াম-বাংলাদেশ কমিটির চেয়ারপারসন জাহাঙ্গীর হোসেন।

আসাদুজ্জামান নূর বলেন, জাদুঘর অতীতকে ধরে রাখে। এটি কোনো মৃত নিদর্শন বা বস্তুর সমাহার নয়। এটি জীবন্ত ইতিহাসের আকর। 
তিনি বলেন, ‘এই সময়ে গাছপালার জাদুঘর, টাকার জাদুঘর, ছবির জাদুঘরসহ বিভিন্ন বিষয়ভিত্তিক জাদুঘর হচ্ছে। শুধু শহরকেন্দ্রিক না হয়ে দেশের নানা অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে জাদুঘর। সবমিলিয়ে জাদুঘর বিষয়টি একটি ভিন্ন ধারণায় পৌঁছে গেছে। এর সঙ্গে তালমিলিয়ে আমরা চলার চেষ্টা করছি ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি।’
জাদুঘর সম্প্রসারণের বিষয়ের সঙ্গে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর এবং ভাচুর্য়াল জাদুঘর নির্মাণের ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করে আসাদুজ্জামার নূর বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জাদুঘরে আসতে পারে না। বিদেশের জাদুঘরপ্রেমী দর্শকেরাও অনেক সময় স্বশরীরে এসে তা দেখতে পারেন না। জাতীয় জাদুঘরকে যদি ভাচুর্য়াল জাদুঘরে রূপান্তর করা যায়, তাহলে সবাই নিজ নিজ স্থানে বসে অনলাইনের মাধ্যমে তা অবলোকন করতে পারবে।
মূল প্রবন্ধে সুফি মুস্তাফিজুর রহমান বলেন, ‘মিউজিয়াম অ্যান্ড কালচারাল ল্যান্ডস্কেপ মূলত ইউরোপসহ উন্নত বিশ্বের একটি ধারণা। তাঁদের জাদুঘর ধারণার সঙ্গে আমাদের ধারণার বেশ পার্থক্য রয়েছে। তাঁরা কালচারাল ল্যান্ডস্কেপের সঙ্গে জাদুঘরের সমন্বয় ঘটিয়েছে। আমরা সেদিক থেকে অনেক পিছিয়ে আছি।’
তিনি বলেন, বাংলাদেশের দুটি ইউনেসকো স্বীকৃত কালচারাল ল্যান্ডস্কেপ রয়েছে। তা হলো পাহাড়পুর বৌদ্ধবিহার (সোমপুর মহাবিহার) ও বাগেরহাট প্রত্ননগরী। এ ছাড়া কুমিল্লার ময়নামতি, বগুড়ার মহাস্থানগড়, মুন্সিগঞ্জের উয়ারী-বটেশ্বরসহ এ দেশে প্রচুর কালচারাল ল্যান্ডস্কেপ আছে। এগুলোর সঙ্গে জাদুঘরের সমন্বয় ঘটানো জরুরি। এ ক্ষেত্রে তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাজের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন।