পালিয়ে গিয়ে বিয়ে!
গাজীপুর এলাকার এক বাংলোবাড়ি। আশপাশে কেউ নেই। আকাশে পূর্ণিমার চাঁদ। বাংলোর পাশে পুকুর ঘাটে অপূর্বর কাঁধে মাথা রেখে বসে আছেন প্রভা। দুজনের গলায় ঝুলছে রজনীগন্ধা আর লাল গোলাপ ফুলের মালা। অভিভাবকদের না জানিয়ে তাঁরা বিয়ে করেছেন। চলে এসেছেন এই বাংলোবাড়িতে। পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে অপূর্ব বললেন, ‘এই আলোটা আজ তোমার জন্য জ্বালিয়েছি।’প্রভা নিশ্চুপ। মুখটা ফ্যাকাশে হয়ে আছে। কিছুক্ষণ পর বললেন, ‘মা-বাবার জন্য খুব খারাপ লাগছে। ওঁরা আমাকে খুব ভালোবাসে।’প্রভাকে সান্ত্বনা দিয়ে অপূর্ব বললেন, ‘এসব নিয়ে কিছু ভেবো না। সব ঠিক হয়ে যাবে।’ঈদের নাটক পালিয়ে গিয়ে বিয়ের একটি দৃশ্য। পুবাইলের ফাগুন-২ শুটিংবাড়িতে এই দৃশ্যটির ধারণকাজ শেষ হয় বুধবার রাত পৌনে ১১টায়। এরপর ওই দিনের শুটিং স্থগিত করেন নাটকটির পরিচালক চয়নিকা চৌধুরী। সবাই ঢাকায় ফিরে আসেন। কথা ছিল পরদিন সকালে আবার শুটিং শুরু হবে।বৃহস্পতিবার সকালে জানা গেল, বাস্তবেই বিয়ে করেছেন অপূর্ব আর প্রভা। সকাল সাড়ে ১০টায় অপূর্ব নিজের মুঠোফোন থেকে এই প্রতিবেদককে ফোন করে বিয়ের কথা জানান।অপূর্ব ও প্রভার বিয়ে হয়েছে ঘরোয়াভাবে সকাল সাড়ে আটটায়, অপূর্বর এক বন্ধুর বাসায়। বিয়ের সময় অপূর্বর পোশাক ছিল কালো প্যান্ট ও বেগুনি রঙের টি-শার্ট আর প্রভার পরনে ছিল লাল রঙের জামদানি শাড়ি। বিয়ের পর প্রভাকে নিয়ে ঢাকার বাইরে বেড়াতে যান অপূর্ব। বললেন, ‘দু-একটা দিন নিজেদের মতো করে কাটাতে চাই।’ জানালেন, কয়েকটি নাটকের কাজ আটকে আছে। শিগগিরই ফিরতে হবে। এদিকে গত ১৬ এপ্রিল দীর্ঘদিনের বন্ধু রাজীবের সঙ্গে প্রভার বাগদান হয়েছিল। এ ব্যাপারে প্রভা বললেন, ‘রাজীব আমার ভালো বন্ধু। আমাদের বন্ধুত্ব অটুট থাকবে।’অপূর্ব জানান, বুধবার রাতে শুটিং থেকে ফেরার পর বিয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তাঁরা।অপূর্ব ও প্রভা একসঙ্গে কাজ করেছেন অসংখ্য নাটকে। সম্প্রতি ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে যত দূরে যাই ধারাবাহিক নাটক তৈরি করেন চয়নিকা চৌধুরী। এই নাটকের কাজ করতে গিয়েই অপূর্ব ও প্রভার সম্পর্ক অন্য দিকে মোড় নেয়। অপূর্ব ও প্রভার বিয়ের ব্যাপারে তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রভার মা বললেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। আপনারা প্রভার সঙ্গে যোগাযোগ করুন।’ অপূর্বর বাসায় ফোন করা হলে বিয়ের ব্যাপারে কেউ কথা বলতে চাননি।