পালিয়ে বিয়ের হুমকি দিয়েছিলেন সাইফ-কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সদস্যদের পালিয়ে বিয়ের হুমকি দিয়েছিলেন বলিউডের বহুল আলোচিত তারকা-যুগল সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। বিয়ে নিয়ে মিডিয়াকে বাড়াবাড়ির সুযোগ দিলে পালিয়ে বিয়ে করবেন বলে অভিভাবকদের হুমকি দিয়েছিলেন সাইফিনা জুটি। সম্প্রতি ফ্যাশন-বিষয়ক সাময়িকী ‘ভোগ ইন্ডিয়া’য় দেওয়া এক সাক্ষাত্কারে কারিনা এমন চমকপ্রদ স্বীকারোক্তি দিয়েছেন।বলিউডের অভিনেত্রী কারিনা কাপুরের জীবনটা রূপকথার গল্পের চেয়ে কোনো অংশেই কম নয়। পাঁচ বছর চুটিয়ে প্রেমের পর বলিউডের অভিনেতা ও পতৌদির নবাব সাইফ আলী খানকে বিয়ে করে কারিনা এখন সবার কাছে পরিচিত কারিনা কাপুর খান নামে।শুরু থেকেই এই জুটির ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আগ্রহ ছিল সবার মধ্যে। সেই আগ্রহের সীমা মাত্রা ছাড়িয়ে যায় সাইফের মা শর্মিলা ঠাকুর ছেলের বিয়ের তারিখ ঘোষণা করার পর। সবার আগ্রহের বিষয়টিকে বিবেচনায় নিয়ে সাইফ-কারিনার ব্যক্তি জীবনের যেকোনো তথ্য ফাঁস করার জন্য মুখিয়ে থাকত বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম।সব মিলিয়ে একরকম হুমকির মুখেই পড়ে যায় সাইফ-কারিনার ব্যক্তি জীবনের গোপনীয়তা। এমন বাড়াবাড়িতে তাঁরা দুজনই প্রচণ্ড বিরক্ত হন। বিয়ে-সংক্রান্ত প্রশ্ন শুনলেই বিরক্তিকে আর ধরে রাখতে পারতেন না তাঁরা।এ প্রসঙ্গে কারিনার ভাষ্য, ‘কয়েক বছর ধরে ক্রমাগতভাবে আমাদের ব্যক্তি জীবনের ওপর বাড়াবাড়ি রকমের হস্তক্ষেপ করা হয়েছে। একটা সময়ে আমরা উপলব্ধি করলাম, আমাদের ব্যক্তি জীবনের প্রতি কারও বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। যেকোনো উপায়ে আমাদের হাঁড়ির খবর বের করতে সবাই মরিয়া হয়ে উঠেছিলেন। বিয়েতে আমরা কার ডিজাইন করা পোশাক পরছি, কী খাচ্ছি, কাদের আমন্ত্রণ জানাচ্ছি—খুঁটিনাটি সব খবর ফাঁস করতে ব্যতিব্যস্ত ছিলেন সবাই।’কারিনা আরও বলেন, ‘কিন্তু আমি এবং সাইফ সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের জীবনের সবচেয়ে পবিত্র এ ঘটনাকে নিয়ে কোনোভাবেই যেন মিডিয়া সার্কাস হতে না পারে। স্রেফ সৌজন্য রক্ষার জন্য বিয়ের আনুষ্ঠানিকতার পর্ব সেরে বারান্দায় দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছিলাম আমি ও সাইফ।’