পাহাড় আমার খুবই পছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন তো কত রকমের থাকে। সেই স্বপ্নের পেছনেই ছোটে মানুষ। আমরা তারকাদের কাছে জানতে চেয়েছিলাম তাঁদের স্বপ্নের কথা। হোক সেটা অপূরণীয়। হোক তা ‘ওয়াইল্ড ড্রিম’। তারকাদের সেসব স্বপ্ন নিয়েই আমাদের এবারের আয়োজন।
ন্যান্সি
ন্যান্সি

বাবার চাকরিসূত্রে ছোটবেলা থেকে দেশের নানা প্রান্তে বেড়ানোর সুযোগ হয়েছে। আমরা যেখানেই বেড়াতে যেতাম প্রায় সময় বন বিভাগের বাংলোয় থাকতাম। তখন থেকেই পাহাড় আমাকে দারুণভাবে টানত। পাহাড়ের নির্জনতা ও নিরিবিলি পরিবেশ আমাকে অন্য রকম আনন্দ দিত।

তখন থেকেই মনে মনে ভাবতাম, যদি কখনো সুযোগ হয় তাহলে পাহাড়ে একটা বাড়ি বানিয়ে থেকে যাব। আমার সেই স্বপ্নটা এখনো আছে। আমি যখন পেশাদার শিল্পী হিসেবে গান শুরু করি তখনো নানা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে চট্টগ্রাম। বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম শহরটা আমাকে খুব বেশি টানে। সেখানকার পাহাড় আমার খুবই পছন্দ। আমি তো চট্টগ্রামে জায়গা কেনার কথাও ভেবেছিলাম। পরিচিত একজনকে পাহাড়ের কাছাকাছি কোথাও জায়গা খুঁজে বের করে দেওয়ার জন্য অনুরোধও করেছিলাম। এমনকি এ-ও বলেছিলাম, পাহাড় তো লিজ দেওয়া হয়, আমাকে কোনোভাবে পাহাড় লিজ নিয়ে দেওয়া যায় কি না? লিজ পেলে সেই পাহাড়ের চূড়ায় বাঁশ দিয়ে সুন্দর একটা ঘর বানাতাম। কেউ আমাকে খুঁজে পেত না। নিজের মতো করে থাকতাম। খেতাম আর ঘুরে বেড়াতাম।

আমি বেশ কয়েকটি দেশে গিয়েছি। এর মধ্যে সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া ভালো লেগেছে। তার চেয়েও বেশি ভালো লেগেছে চট্টগ্রামের পাহাড়ঘেরা জায়গাগুলো।