
খবরটি শুনে রীতিমতো আঁতকে উঠেছিলেন সবাই। বলে কি! মাইলি সাইরাসের মতো একটা ‘পাগলি’কে বানানো হয়েছে ‘দ্য ভয়েস’-এর বিচারক! শো তাহলে এবার শেষ। ১১ নম্বর পর্বের পর মার্কিন এই টিভি সিরিজটিকে আর এগিয়ে নিতে হবে না!
এ ধরনের মন্তব্যকারীদের গা জ্বালাতেই যেন নতুন একটা ভিডিও ছেড়েছে শো কর্তৃপক্ষ। সেখানে চার বিচারক একে অন্যের ব্যাপারে দারুণ প্রশংসা করছেন। সেসব দেখে নিন্দুকেরা হয়তো খানিকটা বিভ্রান্ত হয়ে যাবেন। কিন্তু সাইরাসের এই নয়া ব্যস্ততার কারণেই তাঁর বিয়েটা পিছিয়ে গেল, নাকি অন্য কোনো কারণ আছে, তা নিয়ে চিন্তিত সাইরাসের ভক্তরা। বলা তো যায় না, মার্কিন এই পপ গায়িকার সিদ্ধান্তের কোনো ঠিক-ঠিকানা নেই। যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটিয়ে বসাটা তাঁর জন্য খুব স্বাভাবিক এক ব্যাপার। এরই মধ্যে বেশ কয়েকবার আঙুল থেকে আংটি খুলে ছুড়ে ফেলে দিয়েছেন এই গায়িকা।
প্রেমটা ভেঙে যাওয়ার পর বেশ কিছুটা উচ্ছৃঙ্খল জীবনই কাটাতে শুরু করেছিলেন সাইরাস। বেশ কয়েকটি গানের ভিডিওতে তাঁকে দেখে চমকে গিয়েছিলেন ভক্তরা। সেসব থেকে হঠাৎ একটু বিরতি দেন তিনি। অস্ট্রেলিয়ান হিরো লিয়াম আবারও ফিরে এসে গুছিয়ে নেন তাঁকে। ২০১২ সালে প্রথমবার আংটি বদল করেছিলেন তাঁরা। তারপর সাইরাস খুলে ফেলেন সেই আংটি। সেটা ছিল মান-অভিমানের ব্যাপার। একই আংটিতে আবারও হলো বাগদান। বারবার এমন ঘটনা ঘটালে ভক্তদের তো সন্দেহ হবেই।
তবে আপাতত কোনো সমস্যা নেই। লস অ্যাঞ্জেলেসের পথেঘাটে এখনো তাঁদের চুটিয়ে প্রেম করতে দেখা যায়। আরও কিছুদিন প্রেম করতে চায় এই জুটি। লিয়াম হেমসওর্থের সঙ্গে বিয়ের তারিখটা সে জন্যই হয়তো পিছিয়ে দিয়েছেন সাইরাস। তবে দুজনের মধ্যে যে বাদানুবাদ চলছেই, সে ব্যাপারে অনেকেই নিশ্চিত। তাঁদের ঘনিষ্ঠজনেরা বলছেন, বিয়ের আয়োজন নিয়ে দুজনের মত দুরকম। সাইরাস চান ছোটখাটো ঘরোয়া আয়োজন। আর লিয়ামের ইচ্ছা, বিয়ে হবে ঢাকঢোল পিটিয়ে। লিয়াম চান নিজের দেশ অস্ট্রেলিয়াতে বিয়ের অনুষ্ঠান করতে। সাইরাসের মত, বিয়ের অনুষ্ঠানটি কোনো সমুদ্র সৈকতে হওয়াই ভালো। কিন্তু বিয়েটা যেখানেই হোক, ফ্রান্সের চোখজুড়ানো দ্বীপ বোরা বোরায় হানিমুনের ব্যাপারে দুজনেই একমত। সাইরাসের মতিগতি ভালো না। সিদ্ধান্তহীনতায় ভোগা তাঁর পুরোনো বাতিক। গেল গ্রীষ্মের বিয়ে এবার কোন গ্রীষ্মে গিয়ে হয়, সেটাই এখন দেখার বিষয়।
রাসেল মাহ্মুদ
হলিউড লাইফ ও পপসুগার