পিট-জোলিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন প্রতিবেশীরা
হলিউডের বহুল আলোচিত তারকা যুগল ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তিরস্কার করলেন তাঁদের প্রতিবেশীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভাঙনপ্রবণ সমুদ্র সৈকতে গাড়ি এবং মোটরসাইকেল চালানোয় এমন অভিযোগ করেছেন তাঁরা। ক্যালিফোর্নিয়ায় সমুদ্রতীর ঘেঁষে বিলাসবহুল একটি বাড়ি আছে পিট এবং জোলির। অভিযোগ উঠেছে, বাড়ির সামনের যে অংশে সৈকত আছে সেখানে প্রতিবেশীদের যেতে দিচ্ছেন না পিট। এ প্রসঙ্গে ক্ষুব্ধ এক প্রতিবেশী বলেন, ‘এই সমুদ্র সৈকত কারও বাবার সম্পত্তি নয়। এটা সবার। বছরের পর বছর ধরে এখানকার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে আসছেন সবাই।’ গত রোববার ওই সৈকতে ছেলে নক্সকে গাড়ি চালানো শিখিয়েছেন ৪৯ বছর বয়সী পিট। এ ছাড়া, তাঁর আরও দুই সন্তান ম্যাডক্স এবং প্যাক্সকে মোটরসাইকেলে চেপে ঘুরতে দেখা গেছে। পিট-জোলির পরিবারের এসব কীর্তি ক্যামেরাবন্দীও করেছেন প্রতিবেশীরা। জানিয়েছে ‘রাডার অনলাইন’।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভাঙনপ্রবণ সৈকতে এভাবে গাড়ি ও মোটরসাইকেল চালানো অবৈধ কি না তা আমার ঠিক জানা নেই। তবে নিঃসন্দেহে এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজ পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সমুদ্রসৈকতে বাড়ি আছে এমন মানুষদের কাছ থেকে অনেক বেশি দায়িত্বশীল আচরণ সবারই কাম্য।’