পিট-জোলির অভিসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসারজীবন থেকে ক্ষণিকের ছুটি নিয়ে অভিসারে গেছেন হলিউডের আলোচিত তারকা জুটি ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি। কিছুদিন আগে ছয় সন্তানকে বাড়ির কাজের লোকের জিম্মায় রেখে তাঁরা যুক্তরাজ্যের একটি হোটেলে উঠেছিলেন। সম্ভবত, পুরোনো প্রেম ঝালিয়ে নিতেই তাঁদের এ উদ্যোগ। ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রণয়ে জড়িয়েছিলেন পিট ও জোলি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করলেও এই জুটি দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে বাস করছে। ছয় সন্তান নিয়ে তাঁরা পুরোদস্তুর সংসারজীবন কাটাচ্ছেন।ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট জানায়, কিছুদিন আগে পিট ও জোলি যুক্তরাজ্যের একটি হোটেলে উঠেছিলেন। ওই সময় তাঁদের সঙ্গে আর কেউ ছিল না। নৈশভোজ শেষে একসঙ্গে রেড ওয়াইন পান করেন। চমৎকার পোশাক পরে পাশাপাশি বসে অন্তরঙ্গ সময় কাটানোর সময় তাঁদের দেখে মনে হয়েছে, তাঁরা একে-অন্যকে অভিভূত করার চেষ্টায় মত্ত।সূত্রটি আরও জানায়, নৈশভোজ শেষে হোটেলের লাগোয়া তিন বেডরুমের একটি দোতলা কটেজে রাত যাপন করেন পিট ও জোলি। পরদিন সকালে ঘুম থেকে উঠে কটেজের বাইরে বের হলে চমৎকার দেখাচ্ছিল এই প্রেমিক যুগলকে। সাত বছর ধরে প্রেম করছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর তাঁরা চলতি বছরের শুরুর দিকে বাগদান সম্পন্ন করেন। অবশ্য এখনো তাঁদের বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।