পিট-জোলির পরিবারে নতুন অতিথি!

আট সদস্যের বিশাল পরিবার নিয়েও যেন মন ভরছে না ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তিন সন্তানের জন্ম দিয়েছেন জোলি। পাশাপাশি পিট-জোলির পরিবারে আছে দত্তক নেওয়া আরও তিন সন্তান। এবার আরেকটি সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন হলিউডের আলোচিত এ তারকা জুটি। ইথিওপিয়া থেকে সন্তান দত্তক নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
২০০৬ সালে মেয়ে শিলহকে পৃথিবীর আলো দেখান জোলি। শিলহর বয়স এখন আট বছর। এ ছাড়া পিট-জোলির যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের বয়স এখন পাঁচ। আর দত্তক নেওয়া তিন সন্তান ম্যাডক্স, প্যাক্স, ও জাহারার বয়স যথাক্রমে ১২, ১০ ও ৯। এবার দুই থেকে তিন বছরের মধ্যে বয়স এমন একটি কন্যা সন্তান দত্তক নিতে চান পিট-জোলি।
এ প্রসঙ্গে পিট-জোলির কাছের একটি সূত্রের বরাতে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ডটকম জানিয়েছে, পরিবারের সদস্য সংখ্যা বাড়ানোর বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে আলাপ-আলোচনা করছেন পিট-জোলি। শুরুর দিকে জর্ডান থেকে বাচ্চা দত্তক নিতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু দেশটি থেকে বাচ্চা দত্তক নেওয়ার প্রক্রিয়া বেশ কঠিন। এজন্য ইথিওপিয়ার কোনো অনাথ আশ্রম থেকে বাচ্চা দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।
২০০৫ সালে জাহারাকে ইথিওপিয়া থেকে দত্তক নিয়েছিলেন জোলি। মূলত জাহারার কথা চিন্তা করেই আবার দেশটি থেকে সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছেন পিট ও জোলি। শুধু তাই নয়, ইথিওপিয়ায় জাহারার নামে একটি এইডস ক্লিনিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই কাজে আগামী এপ্রিল মাসে দেশটিতে যাওয়ার কথা রয়েছে তাঁদের। সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ এ কাজটির পাশাপাশি বাচ্চা দত্তক নেওয়ার জন্য বিভিন্ন অনাথ আশ্রমের কর্তা-ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করবেন পিট ও জোলি।