পিট-জোলির বিয়ে ব্রিটেনেই
২০১২ সালের এপ্রিলে বাগদান সেরেছেন বহুল আলোচিত হলিউডের তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এবারে বিয়ের কাজটিও যত দ্রুত সম্ভব সেরে ফেলতে চান। এরই মধ্যে বিয়ের স্থানও চূড়ান্ত করে ফেলেছেন তাঁরা। ব্রিটেনের উইন্ডসর রেজিস্ট্রার অফিসেই আনুষ্ঠানিকতা সারবেন ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্রিটেনের ডেইলি স্টার পত্রিকাটি জানিয়েছে, ‘অনাড়ম্বর এক বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন পিট ও জোলি। শিগগিরই উইন্ডসর রেজিস্ট্রার অফিসে অনেকটা গোপনেই বিয়ের কাজটি সারবেন তাঁরা। ছয় সন্তান এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণে পিট-জোলির বিয়ে সম্পন্ন হবে। অবশ্য এখন পর্যন্ত বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।’ এর আগে বাহামার সৈকতে বিয়ের অনুষ্ঠানটির আয়োজন করতে চেয়েছিলেন ব্র্যাড পিট। কিন্তু এখন পিট ও জোলি ছবির শুটিং নিয়ে যুক্তরাজ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মূলত এ কারণেই যুক্তরাজ্যে চটজলদি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অবশ্য বিয়ের পরপরই তাঁরা ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করেছেন। সেখানেই নিজেদের বাড়িতে জমকালো পার্টির আয়োজন করবেন তাঁরা।