পিট-জোলির বিয়ের আংটির দাম ৫ লাখ পাউন্ড
শেষ পর্যন্ত বিয়েটা তাহলে করেই ফেলছেন বহুল আলোচিত হলিউডের তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি! সম্প্রতি এক খবরে সান অনলাইন জানিয়েছে, কয়েক দিনের মধ্যে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। সে লক্ষ্যে পুরোদমে বিয়ের প্রস্তুতি চলছে। এরই মধ্যে একে অপরের জন্য বিয়ের আংটি বানাতে দিয়েছেন পিট ও জোলি। আংটি দুটির পেছনে এই হবু বর-কনে খরচ করছেন পাঁচ লাখ পাউন্ড। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পিট-জোলির বিয়ের আংটি বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী গয়নানির্মাতা প্রতিষ্ঠান অ্যাসপ্রি অ্যান্ড গারার্ডের সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা রবার্টকে। আংটি দুটিতে ব্যবহার করা হচ্ছে সোনা ও হীরা। সূত্রটি আরও জানিয়েছে, একে অপরের প্রতি কিছু প্রতিজ্ঞা আংটি দুটিতে খোদাই করে লেখার জন্য বলেছেন পিট ও জোলি। তাঁদের কথামতোই কাজ চলছে। খালি চোখে লেখাগুলো হয়তো দেখা যাবে না, কিন্তু পিট-জোলি খুব ভালোভাবেই জানেন সেখানে কী লেখা আছে। এদিকে, ফ্রান্সে পিট-জোলির বিলাসবহুল বাড়িটি যেখানে অবস্থিত, সেখানকার মেয়র মাইকেল ল্যাটজ জানিয়েছেন, এরই মধ্যে বিয়ের অনুষ্ঠানের জন্য স্থানীয় একটি গির্জা বুকিং দিয়েছেন পিট ও জোলি। তাঁদের বিয়ের সম্ভাব্য তারিখ ১৮ আগস্ট শনিবার বলেও জানিয়েছেন তিনি।