পিট-জোলির ভোজন বিলাস!
তারকা আর বিলাসিতা—শব্দ দুটি যেন মুদ্রার এপিঠ-ওপিঠ; আর হলিউডের তারকাদের বিলাসিতার বিচারে এক কাঠি সরেস ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। কারণে-অকারণে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের জন্য সুপরিচিত এ তারকা জুটি। সম্প্রতি আবারও এর প্রমাণ রাখলেন তাঁরা। যুক্তরাজ্যের একটি ভারতীয় রেস্তোরাঁয় বন্ধু-বান্ধবদের নিয়ে এক বেলা খাবার খেয়ে তিন হাজার পাউন্ড উড়িয়েছেন পিট ও জোলি। যুক্তরাজ্যের ব্যাগশটে অবস্থিত এক ভারতীয় রেস্তোরাঁয় পিট ও জোলি হাজির হন তাঁদের পাঁচ বন্ধু-বান্ধব এবং দুই দেহরক্ষীকে নিয়ে। খাবারের মেন্যু দেখে প্রায় সব খাবারই অর্ডার করেন তাঁরা। এ ছাড়া প্রচুর শ্যাম্পেন আর ওয়াইনের অর্ডারও করেন। প্রায় সাড়ে ৭০০ পাউন্ড টিপসসহ সব মিলিয়ে তাঁরা খরচ করেন দুই হাজার ৯৩৫ পাউন্ড। এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে যুক্তরাজ্যের সান পত্রিকা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘কোনো রকম আগাম বার্তা না দিয়ে হঠাত্ করেই রেস্তোরাঁয় ঢোকেন পিট ও জোলি। সঙ্গে ছিলেন তাঁদের কাছের পাঁচ বন্ধু এবং দুই দেহরক্ষী। মুহূর্তেই তাঁদের টেবিল যেন খাবার আর পানীয়ের পর্বতে পরিণত হয়। অবিশ্বাস্য শোনালেও, সাধারণ মানের একটি রেস্তোরাঁয় মাত্র নয়জনের জন্য অন্তত তিন হাজার পাউন্ড উড়িয়েছেন পিট ও জোলি।’উল্লেখ্য, গত বছর লন্ডন থেকে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে সপরিবারে যাওয়ার জন্য পুরো একটি ট্রেন ভাড়া করেছিলেন পিট-জোলি। পিট অভিনীত ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ছবির শুটিং উপলক্ষেই ছিল তাঁদের সেই স্কটল্যান্ড যাত্রা। শুটিং চলাকালীন সেখানে থাকার জন্য ১০ হাজার পাউন্ড ব্যয় করে প্রাসাদসম বাড়িও ভাড়া করেছিলেন তাঁরা। এ ছাড়া গত ক্রিসমাসে ব্র্যাড পিটকে আস্ত একটা ঝরনা উপহার দিয়েছেন জোলি। কিছুদিন আগে দেড় মিলিয়ন ডলার ব্যয় করে পিটের জন্য হেলিকপ্টারও কিনেছেন ৩৭ বছর বয়সী এ অভিনেত্রী।