পিটের জন্য হেলিকপ্টার কিনলেন জোলি
সম্প্রতি ব্র্যাড পিটের জন্য হেলিকপ্টার কিনেছেন তাঁর বাগদত্তা অ্যাঞ্জেলিনা জোলি। শুধু তা-ই নয়, পিটকে হেলিকপ্টার চালানো শেখার ব্যবস্থাও করে দিয়েছেন ৩৬ বছর বয়সী এই হলিউডের অভিনেত্রী। আর এসব করতে এরই মধ্যে তিনি ব্যয় করেছেন এক মিলিয়ন পাউন্ড। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে দ্য সান জানিয়েছে, ‘দক্ষিণ ফ্রান্সে অবস্থিত তাঁদের বিলাসবহুল বাড়ির সঙ্গে একটি হেলিপ্যাড রয়েছে। পিটকে অবাক করে দিতেই সম্প্রতি হেলিকপ্টার কেনার পরিকল্পনা করেন জোলি। ইতিমধ্যেই সেই পরিকল্পনা বাস্তবায়নও করেছেন। এখন থেকে এই হেলিকপ্টারে চেপেই আশপাশের বিভিন্ন অনুষ্ঠানে পরিবারের সবাইকে নিয়ে উড়ে যাবেন বহুল আলোচিত এই তারকা জুটি।’সূত্রটি আরও জানিয়েছে, ‘এবারের কান উত্সবে এই হেলিকপ্টারে চেপেই যাতায়াতের পরিকল্পনা করছেন পিট ও জোলি। প্লেন চালানোর লাইসেন্স আছে পিটের। তবে হেলিকপ্টার চালানোর জন্য ছোটখাটো কিছু বিষয় শিখতে হবে তাঁকে। সেটার ব্যবস্থাও করে দিয়েছেন জোলি।’