পিটের শটগান প্রেমে উদ্বিগ্ন জোলি
‘কিলিং দেম সফটলি’ ছবিতে ভাড়াটে খুনির চরিত্রে অভিনয় করতে গিয়ে আগ্নেয়াস্ত্রের প্রেমে পড়ে গেছেন হলিউডের অভিনেতা ব্র্যাড পিট। ‘মসবার্গ ৫০০ ক্রুজার’ মডেলের শটগান সঙ্গে নিয়ে দীর্ঘ সময় পড়ে থাকছেন লস অ্যাঞ্জেলেসের একটি শুটিং ক্লাবে। পিটের সাম্প্রতিক এই আগ্নেয়াস্ত্র প্রেমে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী অ্যাঞ্জেলিনা জোলি। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে খিটিমিটি চলছে বলেও জানিয়েছেন জোলির এক বন্ধু। এ প্রসঙ্গে পিটের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে যুক্তরাজ্যের ‘ডেইলি স্টার’ জানিয়েছে, ‘কিলিং দেম সফটলি’ ছবিতে ‘মসবার্গ ৫০০ ক্রুজার’ মডেল সদৃশ একটি শটগান হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন পিট। এই মডেলের একটি শটগান নিজের জন্যও সংগ্রহ করেছেন তিনি। অত্যাধুনিক এই শটগান মার্কিন নৌবাহিনীর সদস্যরা জঙ্গিবাদ দমনের জন্য সম্মুখ-যুদ্ধে ব্যবহার করে থাকেন। সত্যি বলতে কী, এই শটগানের প্রেমেই পড়ে গেছেন পিট।এদিকে জোলির কাছের এক বন্ধু জানিয়েছেন, পিটের নতুন এই কীর্তিতে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন জোলি। শুধু তাই নয়, তিনি পিটের ওপর প্রচণ্ড চটেও আছেন। বাড়িতে শটগান রাখার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। হলিউড হিলসের বাড়িতে ফায়ারিং রেঞ্জ তৈরির পরিকল্পনা করেছিলেন পিট। কিন্তু এমন চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য পিটকে সাফ জানিয়ে দিয়েছেন জোলি।