পিঠা উৎসব কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব ২০১৪’। বিকেল চারটায় শিল্পকলা একাডেমীর কফি হাউস প্রাঙ্গণে আট দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিশু-কিশোরেরা ঘরের খাবারের চেয়ে ফাস্টফুডের প্রতি অধিক দুর্বল। অথচ ফাস্টফুডের চেয়ে পিঠা অনেক বেশি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। বাঙালির চিরায়ত সংস্কৃতির উপকরণ হিসেবে পিঠার গুরুত্ব তুলে ধরাই জাতীয় পিঠা উৎসবের মূল উদ্দেশ্য। উৎসবে ৪০টি দোকানে পিঠা তৈরি ও বিপণনের পাশাপাশি উৎসব প্রাঙ্গণে দেশজ সংগীত পরিবেশিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, টেলিভিশন শিল্পী সমিতির সভাপতি খায়রুল আলম সবুজ, জাতীয় পিঠা উৎসবের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, অভিনেতা আবদুল আজিজ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কবি আকরাম হোসেন প্রমুখ। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ উৎসব চলবে। উৎসব আয়োজনে সহযোগিতা দিচ্ছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।