পিঠাপুলির সম্ভার নিয়ে রমনায় পৌষমেলা
ঘাস আর গাছের পাতা তখনো শিশিরভেজা। রাজপথের বাতিগুলো মিটমিট করে জ্বলছে। দু-একটি যানবাহন মুহূর্তেই কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। পথ প্রায় জনশূন্য। তবে গতকাল শুক্রবারের সকালে রমনার বটমূলের চিত্রটা অন্য রকম। সেখানে ছিল উৎসবের আয়োজন। শীতের জড়তা কাটিয়ে যাঁরা সাতসকালে হাজির হয়েছিলেন, রমনার বটমূলের আনন্দের উষ্ণতায় সময় কাটিয়েছেন তাঁরা। দুই দিনব্যাপী পৌষমেলা শুরু হয়েছে এখানে।গতকাল সকাল সাড়ে আটটায় আইলায় আগুন জ্বালিয়ে মেলা উদ্বোধন করেন পর্ষদের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল সাড়ে সাতটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই ছিল ‘নিবেদন’-এর দলীয় সংগীত ‘হিমেল হাওয়ায় পৌষ এলো পাতা ঝরার গান গেয়ে’। এরপর শফিউল আলম ও রুপু খান পরিবেশন করেন যথাক্রমে ‘মনটা মোর পিটা খাবার চায়’ ও ‘পৌষ মাসের রাইতে প্রাণ কাঁপে শীতে’। সমবেত কণ্ঠে বহ্নিশিখা পরিবেশন করে ‘জ্বালাইলে যে জ্বলছে আগুন নিভানো যে ভীষণ দায়’। আরও সংগীত পরিবেশন করেন নাদিরা বেগম, নার্গিস চৌধুরী, সুবর্ণ কাজী প্রমুখ। ছিল গারো আদিবাসীদের পরিবেশনা নৃত্যও।বটমূলে লোকজ নকশায় অংকৃত চমৎকার মঞ্চ। সামনে শামিয়ানা টানিয়ে শ্রোতাদের বসার ব্যবস্থা। উভয় পাশ দিয়ে স্টলের সারি। সেখানে হরেক রকমের পিঠাপুলি, পায়েস, মিষ্টি খেজুর রস আর গরম চায়ের ব্যবস্থা। ছিল নানা রকমের কারুপণ্যের সমাবেশও।অনেকেই এসব দোকানে ভাপা-চিতইসহ বিচিত্র রকমের পিঠা দিয়ে প্রাতরাশ করেছেন। পৌষমেলার এবার এক যুগ পূর্ণ হলো। ১৪০৪ সালে বিশিষ্ট স্থপতি মাজহারুল ইসলামের পরিবাগের বাসায় শিল্পী ডালিয়া নওশীন, বিশ্বজিৎ রায় প্রমুখের উদ্যোগে নগরজীবনে ঋতুভিত্তিক ঐতিহ্যবাহী উৎসবগুলোকে নিয়ে আসার পরিকল্পনায় পৌষমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাবিদ আনিসুজ্জামানকে আহ্বায়ক ও ডালিয়া নওশীনকে সদস্য-সচিব করে পৌষমেলা উদ্যাপন পরিষদ গঠন করে সে বছরই রমনার বটমূলে মেলার আয়োজন করা হয়। প্রথমে মেলা হতো এক দিন। নগরবাসীর আগ্রহ বাড়তে থাকায় গত তিন বছর থেকে সময় আরও এক দিন বাড়ানো হয়েছে। এবারও মেলা হবে দুই দিন।উদ্বোধনের পর ছিল সংক্ষিপ্ত আলোচনা। গোলাম কুদ্দুছের সভাপতিত্বে আলোচনা করেন হাসান আরিফ ও বিশ্বজিৎ রায়। সঞ্চালনা করেন মানজার চৌধুরী। বক্তারা বলেন, বাংলার আবহমানকালের ঋতুভিত্তিক এসব উৎসবের মধ্যে রয়েছে আমাদের সাংস্কৃতিক পরিচয়। নগরবাসী নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার জন্য এই আয়োজন। তাঁরা গ্রামাঞ্চলে শীতে যাঁরা কষ্ট পাচ্ছে, সেই দুস্থ মানবতার সহায়তা জন্য হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান। সকালের পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘নম নম নম বাংলাদেশ মম’। নাদিরা বেগম গেয়ে শোনান ‘মশা প্যানপ্যান করে’, আবু বকর সিদ্দিকের কণ্ঠে ছিল ‘মনে সাধ লয় যাই গো ফিরা আবার গাঁয়’। এ ছাড়া সুবর্ণ কাজী, ইফফাত আরা নার্গিস প্রমুখ একক গান করেন। ‘একি অপরূপ রূপে মা তোমায়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন স্পন্দন এবং গারো আদিবাসী শিল্পীরা। তাঁরা পরিবেশন করেন তাঁদের ঐতিহ্যবাহী গানের সঙ্গে সমবেত নৃত্য। বিকেলের পর্ব শুরু হয়েছিল চারটায়। ছুটির দিনে রমনার বটমূল বিপুল জনসমাগমে উৎসবমুখর হয়ে উঠেছিল। বিকেলের অধিবেশনেও ছিল একক ও দলীয় গান, নৃত্য, আবৃত্তি এবং মহুয়ার পালা নৃত্যনাট। আজ শনিবারও সকালের অধিবেশন শুরু হবে সাতটায় এবং বিকেলের অধিবেশন চারটায়। দেশের বিশিষ্ট শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করবেন। শেষে থাকবে সঙযাত্রা।