পিতা-পুত্রীর ‘গ্র্যামি যুদ্ধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৫তম গ্র্যামি পুরস্কারের আসর বসতে যাচ্ছে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি। এবারের গ্র্যামিতে একই বিভাগে মনোনীত হয়েছেন প্রখ্যাত সেতারবাদক ও সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর এবং তাঁর মেয়ে সেতারবাদক আনুশকা শঙ্কর। বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম বিভাগে সেরার লড়াইয়ে অবতীর্ণ হবেন তাঁরা। এবার গ্র্যামি মনোনয়ন পেয়েছে রবিশঙ্করের ‘দ্য লিভিং রুম সেসনস পার্ট ওয়ান’ এবং আনুশকা শঙ্করের ‘ট্রাভেলার’ অ্যালবাম দুটি। একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘জাবুলানি’, ‘অন এ জেন্টল আইল্যান্ড ব্রিজ’ এবং ‘ফলিলা’ শিরোনামের তিনটি অ্যালবাম। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে পিটিআই। এর আগে তিনবার গ্র্যামি পুরস্কার ঝুলিতে ভরেছেন ৯২ বছর বয়সী রবিশঙ্কর। ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে বসে গত বছর ‘দ্য লিভিং রুম সেসনস পার্ট ওয়ান’ অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন করেছিলেন। ভারতীয় ধ্রুপদ সংগীতের মালগুঞ্জ, খাম্বাজ, কেদার এবং রাগ সত্যজিত্ নিয়ে অ্যালবামের কাজে তাঁকে সঙ্গ দেন তবলা বাদক তন্ময় বোস। প্রসঙ্গত, এখনো পর্যন্ত দুইবার গ্র্যামি মনোনয়ন পেলেও, পুরস্কার ঘরে তুলতে পারেননি ৩১ বছর বয়সী আনুশকা শঙ্কর। এবার ‘ট্রাভেলার’ অ্যালবামের জন্য তৃতীয়বারের মতো গ্র্যামি মনোনয়ন পেলেন তিনি।গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন পণ্ডিত রবিশঙ্কর। অস্ত্রোপচারের জন্য এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বর্ষীয়ান এ সংগীতজ্ঞ।