
বাঙালি জাতিকে নিয়ে তাঁর একটি ভিন্ন পর্যবেক্ষণ ছিল। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।’ জাতিকে পাকিস্তানি শোষণ থেকে মুক্ত করতে তিনি যুদ্ধের ডাক দিয়েছিলেন। স্বপ্ন ছিল, দেশকে একেবারে নতুন করে সাজাবেন। সেই স্বপ্ন পূরণ হয়নি তাঁর। স্বাধীনতা পাওয়ার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে ছবি হয়ে গেলেন তিনি। অবাধ্য সেনা-সন্তানদের গুলিতে নির্মমভাবে খুন হলেন। সেই শোক ৪০ বছরে পড়ল।
তাঁর বিষণ্ন মুখের একটি আবক্ষ সোনালি ভাস্কর্যের দেখা মিলবে চারুকলার জয়নুল আর্ট গ্যালারিতে। যেন মুখ ফিরিয়ে রেখেছেন চূড়ান্ত অভিমানে। ফাইবার দিয়ে সেটি তৈরি করেছেন শিল্পী শ্যামল সরকার। উপলক্ষ, একুশ দিনের একটি প্রদর্শনী এবং প্রতিযোগিতা। আর লক্ষ্য, শোক পালন।
বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উদ্যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জাতীয় শোক দিবস উদ্যাপন পরিষদ আয়োজন করেছে একটি প্রদর্শনী।
সেখানে দেখা মিলবে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আঁকা ও তৈরি করা বঙ্গবন্ধুর ৮৭টি মুখচ্ছবি। ফ্রেমে বাঁধা ভিন্ন ভিন্ন মাধ্যমের এ শিল্পকর্মগুলো আহ্বান করা হয়েছিল গত জুলাই মাসে।
প্রদর্শনী ঘুরে ব্যতিক্রম ধারা ও কারুকাজের কিছু চিত্রকলার দেখা মিলবে। শুধু চোখের দেখায় চোখ জুড়োবে না, চিন্তার খোরাকও জোগাবে ছবিগুলো। কেমন করে ফ্রেমের ওপর তারকাঁটা বিঁধিয়ে তাতে সুতো বেঁধে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর মুখ, কোনো ফ্রেমে সেই একই মুখ বোতাম, স্ক্রু, মার্বেল দিয়ে বানানো, এমনকি নিজের শরীরের এক ব্যাগ রক্ত দিয়ে পিতার বিষণ্ন মুখ এঁকেছেন শিল্পী রেজাউল করিম। সেটার নাম তিনি রেখেছেন ‘ডেডিকেশন ফর ডেডিকেটর।’ ছবিগুলোর ভেতর থেকে পাঁচটি ছবিকে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু পুরস্কার, শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ জামাল, শেখ কামাল ও শেখ রাসেল পুরস্কার।
প্রদর্শনীটি দেখতে যাওয়া যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।