পিপলের ‘সবচেয়ে সুন্দর’ গিনেথ প্যালট্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেকসপিয়ার ইন লাভ’খ্যাত অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী গিনেথ প্যালট্রোর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। সম্প্রতি তাঁর নামের পাশে যুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর তকমা। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জেনিফার লরেন্স, অ্যামান্ডা সেফ্রাইড ও হ্যালি বেরির মতো তারকাদের। প্রতিবছর বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী নির্বাচন করে ‘পিপল’ ম্যাগাজিন। এ বছর খেতাবটি পেয়েছেন গিনেথ প্যালট্রো। এর আগে আরও চারবার ‘পিপল’ ম্যাগাজিনের সুন্দরী নারীর তালিকায় গিনেথের নাম এলেও এবারই প্রথম সেরার খেতাব পেয়েছেন তিনি। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৪০ বছর বয়সী এ তারকা অভিনেত্রীর দুই সন্তান অ্যাপল ও মোজেসের বয়স এখন আট ও সাত। জীবনের এতটা পথ পাড়ি দিয়েও সৌন্দর্য ধরে রেখেছেন গিনেথ। এ প্রসঙ্গে তিনি জানান, সপ্তাহের পাঁচ দিন নিয়ম করে শরীরচর্চা করেন। মূলত, এ কারণেই বয়স বাড়লেও সৌন্দর্য ধরে রাখতে পেরেছেন তিনি। এ প্রসঙ্গে গিনেথের ভাষ্য, ‘আমি নিয়মিত শরীরচর্চা করি। শুরুতে অনেক কষ্ট হলেও এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। শরীরচর্চার এ অভ্যাসের কারণেই বয়সের ছাপ পড়েনি আমার শরীর ও মনে।’ গত বছর গিনেথের বন্ধু মার্কিন গায়িকা বিওন্সি নোলসকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী নির্বাচন করেছিল ‘পিপল’ ম্যাগাজিন। এ বছর বন্ধুর সেই জায়গাটি দখল করে নিলেন গিনেথ। তালিকায় আরও ঠাঁই পেয়েছে জেনিফার লোপেজ, জুলিয়া রবার্টস, জেনিফার অ্যানিস্টন প্রমুখের নাম।