পিলু মমতাজ আর নেই
বাংলাদেশে পপ গানের জনপ্রিয় শিল্পী পিলু মমতাজ আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রোববার রাত তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পিলু মমতাজের বোন রুপু খান জানান, গতকাল রাতে যথারীতি তিনি ঘুমাতে গিয়েছিলেন। এরপর হঠাত্ তিনি অসুস্থ বোধ করেন। এ অবস্থায় তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার বাদ আসর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্বামী ও এক সন্তান রেখে গেছেন। ছয় বোনের মধ্যে পিলু মমতাজের অবস্থান ছিল তৃতীয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। গত শতকের সত্তরের দশকে পিলু মমতাজের গাওয়া মৌলিক গান ‘একদিন তো চলে যাব, পরের ঘরণী হব’ সে সময় বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। এ ছাড়া তাঁর অন্য গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মাঝি নাও ছাইড়া দেয়’, ‘চারা গাছে ফুল ফুইটাছে’।উল্লেখ্য, পপ সংগীতের জনপ্রিয় এ শিল্পী উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ মমতাজ আলী খানের কন্যা। ফকির আলমগীর এ শিল্পী সম্পর্কে বলেন, ‘সত্তর দশকে ফকির আলমগীর, আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ সাঁইয়ের পাশাপাশি পিলু মমতাজ ও নাজমা জামান দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখতেন। বাংলা গানের পপ ধারা তৈরির ক্ষেত্রে পিলু মমতাজের অবদান অনস্বীকার্য।’ ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘পিলু খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে গেল। আমাদের সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর মতো। সর্বশেষ একসঙ্গে গান করি সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের একটি অনুষ্ঠানে। দুই দিন আগেও পিলুর সঙ্গে আমার কথা হয়। তাঁর মৃত্যুতে বাংলা গানের অপূরণীয় ক্ষতি হলো। আমরা এক মেধাবী শিল্পীকে হারালাম।’