পিলু মমতাজের প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘ছিলে কোন দিন’
প্রয়াত শিল্পী পিলু মমতাজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সময়ে গাওয়া তাঁর ১২টি গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘ছিলে কোন দিন’।সত্তর ও আশির দশকের সাড়া জাগানো পপশিল্পী পিলু মমতাজ। গত বছরের ২২ মে দিবাগত রাতে অনেকটাই নিভৃতে পৃথিবীর মায়া ত্যাগ করেন। পিলু মমতাজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত অ্যালবামটি যৌথভাবে প্রকাশ করেছে মমতাজ আলী খান সংগীত একাডেমী ও লেজার ভিশন। গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ‘ছিলে কোন দিন’-অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগীতশিল্পী শাম্মী আক্তার, উমা খান, রূপু খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস ও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলামসহ আরও অনেকে।ছিলে কোন দিন অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন আবিদ হোসাইন। অ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হলো—‘আমি শত্রুকে আপন’, ‘বাতাসে আজ’, ‘কানে কানে বলো’, ‘কতদিন যে’, ‘ছিলে কোন দিন’, ‘কোন এক মধুর’ ইত্যাদি। অ্যালবাম প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, অ্যালবামটির গানগুলো সব ধরনের শ্রোতার হূদয়কে নাড়া দেবে বলে আমার বিশ্বাস।উল্লেখ্য, সত্তর ও আশির দশকে টিভি ও মঞ্চে গান গেয়ে সাড়া জাগিয়েছিলেন পিলু মমতাজ । বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানে তিনি ‘একদিন তো চলে যাব, পরের ঘরনি হব’ গানটি গেয়ে দর্শক-শ্রোতার দৃষ্টি কাড়েন। পাশাপাশি মঞ্চে তিনি ওই সময়ের চার পপশিল্পী—আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর ও ফিরোজ সাঁইয়ের সঙ্গে এক হয়ে নিয়মিত গান করে বেশ জনপ্রিয়তা পান। সর্বশেষ তিনি ২০০১ সালে ঈদে প্রচারিত বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীরের সঙ্গে ‘দিন আসে দিন যায়, পৃথিবীটা বদলায়, ডাক দেয় নতুনের আলো’ গানটি করেন। আর মঞ্চে ২০১০ সালে ‘ষষ্ঠ সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গান করেছিলেন। পপসংগীতের জনপ্রিয় এ শিল্পী উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ মমতাজ আলী খানের মেয়ে।