পিয়ানোয় মুগ্ধ সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শকের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন মরিস আর্নেস্ট
দর্শকের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন মরিস আর্নেস্ট

বাইশে শ্রাবণ যখন রাজধানীর অন্য সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সুর আর গীতে ব্যস্ততা, ঠিক তখন ধানমন্ডির গ্যোটে ইনস্টিটিউট মিলনায়তন ছিল ভিনদেশি পিয়ানোবাদকের দখলে। জার্মান পিয়ানোবাদক মরিস আর্নেস্টের চমৎকার পিয়ানো পরিবেশনা ছিল এখানে | বিংশ শতাব্দীর নতুন ক্ল্যাসিক্যাল সংগীতের এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রজন্মের শ্রোতা |

পরিপাটি ও গোছানো আয়োজন ছিল এটি। অনুষ্ঠানের শুরুতে গ্যোটে ইনস্টিটিউটের পরিচালক কারস্টেন হাকেনব্রোক সমাগত লোকজনকে স্বাগত জানান। দর্শকদের নিশ্চিত করেন, পিয়ানোবাদক মরিস আর্নেস্ট হতাশ করবেন না। উপভোগ করবেন সবাই। তা-ই হয়েছে। বাকি সময়টা ছিল শুধু মুগ্ধ হওয়ার।

মরিস আর্নেস্টের উপস্থাপনার একটি গুরুত্বপূর্ণ নাম ভিক্টর উলমেন। তার ‘সোনাটাস’ একটি অসাধারণ ক্ল্যাসিক্যাল সংগীত | শুরুতে তিনি হাইডেন এবং উলমেনের কিছু চমৎকার মিউজিক উপস্থাপন করেন |

গ্যোটে ইনস্টিটিউট মিলনায়তনের মঞ্চে জার্মান পিয়ানোবাদক মরিস আর্নেস্ট পিয়ানো বাজান। ছবি: প্রথম আলো
গ্যোটে ইনস্টিটিউট মিলনায়তনের মঞ্চে জার্মান পিয়ানোবাদক মরিস আর্নেস্ট পিয়ানো বাজান। ছবি: প্রথম আলো

পরিবেশনার দ্বিতীয়ার্ধে বাজানোর আগে মরিস আর্নেস্ট ব্যাখ্যা করেন, কীভাবে সমসাময়িক সংগীতকে আরও উৎসর্গ করেছে গ্যাব্রিয়েল ইয়ানি এবং ডিটার ম্যাক | কথায় কথায় জানান, শিল্পচর্চার অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন ইরান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের গ্যামেলান সংগীতে | শেষটা আরও চমক। সচরাচর পিয়ানোতে যা শোনা যায় না, তা-ই শোনালেন তিনি। থাইল্যান্ডের গ্যামেলান সুরের লহরিতে ভাসালেন মিলনায়তন। পিয়ানোর সুরের জাদুতে মোহিত দর্শক পরিবেশনার শেষে শিল্পীকে ধন্যবাদ জানান তুমুল করতালির মাধ্যমে।

আয়োজকেরা জানান, জার্মান বংশোদ্ভূত মরিস আর্নেস্ট জার্মানির স্টুটগার্টে মিউজিক স্কুলে এবং সুইডেনের মালমোতে রয়েল মিউজিক একাডেমিতে স্নাতকোত্তর করেছেন।