পুঁথিগীতে ‘মহুয়া’মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঞ্চনপুর গ্রামের এক ব্রাহ্মণের শিশুকন্যা মহুয়াকে চুরি করে আনে হুমরা বাইদ্যা। নাম রাখে মহুয়া। দিনে দিনে বেড়ে ওঠে মহুয়া। অনিন্দ্যসুন্দর মহুয়া নৃত্য-গীতেও পারদর্শী। বেদে নৌকার বহর নানা নদ-নদী দিয়ে ভাসতে ভাসতে এক দিন এসে পৌঁছায় নদের জমিদার চাঁদের গ্রাম বামনকান্দায়। তরুণ ব্রাহ্মণ জমিদার নদের চাঁদ মহুয়াকে দেখে মুগ্ধ হয়। মুগ্ধ মহুয়াও। গভীর প্রণয় গড়ে ওঠে তাদের মধ্যে। আর এভাবেই এগিয়ে চলে পল্লিকবি দ্বিজ কানাইয়ের অমর প্রেমগাথা মহুয়া। কিন্তু তাদের মিলনে আসতে থাকে নানা বাধা। মহুয়া-নদের চাঁদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় কাহিনি। মৈমনসিংহ গীতিকার এ আখ্যান নিয়ে গতকাল শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ছিল এক ভিন্ন রকম আয়োজন। আগের দিনের পুঁথিপাঠের রীতির সঙ্গে গান, কথোপকথনের সমন্বয়ে পরিবেশিত অনুষ্ঠানের নাম ‘পুঁথিগীতে মহুয়া’। আয়োজনটি করে আবৃত্তি একাডেমী। মহুয়ার প্রয়োগ পরিকল্পনা করেছেন মাসুদ আহমেদ। মহুয়া চরিত্রে কণ্ঠ দিয়েছেন জাকিয়া ফেরদৌস। নদের চাঁদ, হুমরা বাইদ্যা ও সওদাগর চরিত্রে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে খন্দকার শামীম মাহমুদ, তুষার মিজান ও মাসুদ আহম্মেদ। ধারা বর্ণনা করেছেন মুমিনা তাহিমনা মোর্শেদ ও মৌসুমী ইসলাম। শিল্পীরা আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন পুঁথিগীতিতে। এটি আবৃত্তি একাডেমীর ৩৪তম প্রযোজনা। আয়োজনটি দর্শকদের মুগ্ধ করে।গানের আসরবাউলগান থেকে ব্যান্ডসংগীত সবই ছিল এক আয়োজনে। গতকাল শনিবার জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সংগীত সংগঠন মেলোডির প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে শ্রোতাদের বৈচিত্র্যময় সুর-মূর্ছনায় মুগ্ধ করছেন বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় কৃতিত্ব দেখানো শিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন ক্লোজআপ ওয়ান, সেরা কণ্ঠ। এ ছাড়া ক্ষুদে গানরাজের শিল্পীরাও এতে অংশ নেয়।শিল্পীরা একক ও সম্মিলিত কণ্ঠে লালনের গান থেকে শুরু করে আঞ্চলিক, লোকগীতি, আধুনিক গান ও ব্যান্ডসংগীত পরিবেশন করেন।রবীন্দ্রনাথের কবিতাকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পরিচয়’ কবিতায় লিখেছিলেন, ‘এই হোক শেষ পরিচয়/ আমি তোমাদেরই লোক’। গতকাল শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারে এক নবীন আবৃত্তিকার আবৃত্তি করছিলেন এই কবিতা। ‘উচ্চারণ-আবৃত্তি-মনন’ এই তিন বিষয়ের ওপর ভিত্তি করে আবৃত্তি সংগঠন আয়োজন করেছিল বিশেষ কর্মশালা। তিন মাসের একই কর্মশালা শেষে গতকাল অংশগ্রহণকারীদের অভিজ্ঞানপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে নবীন-প্রবীণ সদস্যরা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন। সাদাসিধে মঞ্চে সন্ধ্যায় শুরু হলো আবৃত্তি। শুরুতেই দুটি বৃন্দ পরিবেশনা। প্রথমে কবিগুরুর ‘ভোরের পাখি’ এবং পরের কবিতাটি ‘অপমানিত’। তারপর একক কবিতাপাঠ। ‘আগমন’, ‘প্রশ্ন’, ‘অন্য মা’, ‘১৪০০ সাল’, ‘পরিচয়’, ‘সোনারতরী’সহ বিভিন্ন কবিতা আবৃত্তি করে শোনান তাঁরা।পূর্বাচলের পানে তাকাইরবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ‘পূর্বাচলের পানে তাকাই’ নামে বছরব্যাপী সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি নিয়েছে। আজ রোববার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ কর্মসূচি শুরু হবে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের তৃতীয় তলায় নীলুফার ইয়াসমীন স্মৃতি পাঠাগারে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি জানানো হয়। বছরব্যাপী এই অনুষ্ঠানমালার প্রথম আয়োজন হিসেবে আজ রয়েছে রবীন্দ্রনাথের পূর্ব বাংলায় [বাংলাদেশ] রচিত সংগীত-কবিতা নিয়ে অনুষ্ঠান ‘পূর্বাচলের পানে তাকাই’।রাজশাহীতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রনিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহী চিলড্রেন ফিল্ম সোসাইটি নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লামার উদ্বোধনী প্রদর্শনী গত শুক্রবার রাতে নগরের ভদ্রায় শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কে অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রটির কাহিনি নির্মাণ করেন এনামুল হক এবং পরিচালনা করেন তাওকীর ইসলাম। এফ এম এ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র শরীফুল ইসলাম।