পুজোর গানে শান সুনিধি, বাবুল, কুমার শানু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় পুজোর গানের রেওয়াজ অনেক বছরের। এবারও তার ব্যতিক্রম হয়নি। এতটুকু চাহিদা কমেনি এই তথ্যপ্রযুক্তির সময়ও। জানা গেছে, এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলকাতা থেকে অ্যালবাম বের করেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান, শান, বাবুল সুপ্রিয়, অভিজিৎ আর কুমার শানু।
বিভিন্ন অডিও প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, এবার পূজায় নতুন শিল্পীদের তুলনায় বলিউডের আর পুরোনো শিল্পীদের গানের চাহিদাই বেশি। বলিউডের জনপ্রিয় শিল্পী সুনিধি চৌহান ও শান এবার গেয়েছেন রবীন্দ্রসংগীত। এরই মধ্যে বাজারে এসেছে তাঁদের গাওয়া রবীন্দ্রসংগীতের দুটি অ্যালবাম। বাবুল সুপ্রিয় এর আগে দুটি অ্যালবামে রবীন্দ্রসংগীত গেয়েছিলেন। এবার তিনি গেয়েছেন চিরন্তন লোকগান। এসেছে অভিজিতের ভিন্ন স্বাদের গান নিয়ে অ্যালবাম পরানটা জুড়াইয়া গেল রে। কুমার শানু এবার গেয়েছেন রবীন্দ্রসংগীত। অ্যালবামের নাম প্রাণ চায়।