পুতিনকে দেখার সাধ

স্যার এলটন জনের মতো কিংবদন্তি তারকাকে সাক্ষাৎ দেওয়ার সময় হয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। আর সেখানে লিন্ডসে লোহানকে সাক্ষাৎ? কিন্তু ইচ্ছা কি আর কোনো যুক্তি মানে? তাই তো লোহান এত কিছুর হিসাব না করে আবদার করে বসলেন, তিনি দেখা করবেন পুতিনের সঙ্গে। প্রেসিডেন্টের সঙ্গে একটি ছবি তোলার সাধও আছে তাঁর। সম্প্রতি লিন্ডসে লোহানের এই ইচ্ছাগুলোর কথা ফাঁস করল রাশিয়ার এক টিভি চ্যানেল।

চ্যানেল ওয়ান নামের রাশিয়ার ওই টেলিভিশন চ্যানেল মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহানকে তাদের একটি টক শোর অতিথি করতে চেয়েছিল। সেই অনুষ্ঠানের নাম ছিল ‘লেট দেম টক’। অনুষ্ঠানের সঞ্চালক আন্দ্রেই মালাকোভ সম্প্রতি লিন্ডসের আবদারের ব্যাপারটি ফাঁস করেন গণমাধ্যমে। তিনি জানান, অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মানী হিসেবে লোহান আবদার করেছেন, তাঁকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। সেই সঙ্গে সাক্ষাতের ফাঁকে পুতিনের সঙ্গে ছবিও তুলে দিতে হবে। এর পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য লোহানকে যুক্তরাষ্ট্র থেকে প্রাইভেট জেটে (ব্যক্তিগত উড়োজাহাজ) করে রাশিয়ায় আনতে হবে। রাশিয়ার এক বছরের ভিসাও আবদার করেন এই ফ্রিকি ফ্রাইডে তারকা এবং আর্থিক সম্মানী হিসেবে তাঁকে দিতে হবে পাঁচ লাখ পাউন্ড।
লোহানের এই লম্বা তালিকা দেখে চ্যানেল কর্তৃপক্ষের চোখ চড়কগাছে উঠে যায়। আন্দ্রেই মালাকোভ এই আবদারগুলো নিয়ে ঠাট্টা করে বলেন, ‘আমারও ইচ্ছা হয় প্রতিবছর অন্তত আট কোটি পাউন্ড আয় করার। মাঝেমধ্যে রানি এলিজাবেথের সঙ্গে ভোজ করার। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে তো ফারাক রাখতে হয়। পরিস্থিতি বুঝতে হয়। লোহানের মতো ভাবলে কি চলবে!’
চ্যানেল ওয়ান লিন্ডসে লোহানের সঙ্গে তাঁর রাশিয়ান প্রেমিক ইগোর তারাবাসোভকে নিয়ে কথা বলতে চেয়েছিল। কিন্তু এই লম্বা তালিকা দেখে তারা ঘাবড়ে গেছে। তাই তাঁকে আপাতত এ যাত্রায় রাশিয়ার টিভি চ্যানেলে দেখা যাচ্ছে না। এএফপি।