পুতুল নাচে নতুন দিনের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মরা নাচাই, মরা নিয়াই আমার কারবার,’ ‘আমার ছেলেকে যতটুকু আদর করি, এর থেকেও বেশি আদর করি আমার পুতুলরে’—এই দুটি কথাই ব্রাহ্মণবাড়িয়ার পুতুলনাট্যশিল্পী ধন মিয়ার। কিন্তু কোন সে মরার কথা বলতেন ধন মিয়া? কেন লেখার শুরুতেই তাঁর নাম নিতে হলো? বাংলাদেশের পুতুলনাট্যশিল্পের কিংবদন্তি ধন মিয়া। প্রিয় পুতুলদের ইঙ্গিত করেই হয়তো কথাগুলো বলেছিলেন তাঁর জীবদ্দশায়। কথাগুলো আজ শুধুই স্মৃতি। তিনি এখন আমাদের মাঝে নেই। কিন্তু রয়ে গেছে তাঁর সৃজনশীল কাজের স্বাক্ষর। এবার পুতুলনাট্য উৎসবে পেলেন কাজের স্বীকৃতিও। ধন মিয়াসহ এই শিল্পের আরও দুই শিল্পী সাতক্ষীরার জরিনা বেগম ও মানিকগঞ্জের বলরাম রাজবংশী পেলেন পুতুলনাট্যশিল্পী সম্মাননা ২০১৩। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ প্রথমবারের মতো দিয়েছে এই সম্মাননা। তবে শুধু সম্মাননা নয়, আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী পুতুলনাট্য উৎসব ও ছয় দিনব্যাপী পুতুলনাট্য কর্মশালার। উৎসব ও কর্মশালায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের ৪২ জন পুতুলনাট্যশিল্পী।১৮ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় ব্রাহ্মণবাড়িয়া ও কুড়িগ্রামের বাণীবীণা পুতুল নাচ ও মনিকা পুতুল নাচের দুটি পালা। উৎসবে মোট ৮টি পুতুল নাচ প্রদর্শিত হয়। তবে চার দিনের উৎসব ১৮ মার্চ শুরু হলেও ছয় দিনব্যাপী পুতুলনাট্য কর্মশালাটি শুরু হয় ১৬ মার্চ থেকে। কর্মশালায় পুতুলনাট্যের নন্দনতত্ত্ব, গল্প বলা এবং কাহিনির বিষয়ে শিল্পীদের প্রশিক্ষণ দেন রশীদ হারুন ও দেবাশীষ ঘোষ। কর্মশালা প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রশীদ হারুন বলেন, ‘কর্মশালা ও উৎসবের মাধ্যমে বাংলাদেশের লুপ্তপ্রায় এ শিল্পের শিল্পীদের দক্ষতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি দেশীয় সংস্কৃতিসমৃদ্ধ পুতুলনাট্য নির্মাণে আরও পারদর্শী হয়ে উঠবেন এই শিল্পীরা।’অন্যদিকে, উৎসব নিয়ে লিয়াকত আলী লাকীর বক্তব্য হলো, ‘পুতুলনাট্যশিল্প আমাদের শত বছরের ঐতিহ্য। উৎসবের মধ্য দিয়ে আমরা শিল্পীদের অনুপ্রেরণা দিতে চাই। আর কর্মশালার মধ্য দিয়ে এই শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করছি।’ ২১ মার্চ উৎসব ও কর্মশালার শেষ দিনের আয়োজনে ছিল অন্য রকম আবহ। এই দিন ছিল বিশ্ব পুতুলনাট্য দিবস। এ বছর বাংলাদেশে প্রথমবারের মতো দিনটি উদ্যাপিত হয়েছে। তাই এ দিনে পুতুলনাট্যশিল্পীদের মুখে যেন ছিল বাঁধভাঙা আনন্দের হাসি। শিল্পীদের অংশগ্রহণে বের করা হয় শোভাযাত্রা। আর সন্ধ্যায় ছিল আলোচনা অনুষ্ঠান ও পুতুল নাট্যশিল্পীদের সম্মাননা। ঐতিহ্যবাহী পুতুল নাট্যশিল্পের সলতেয় নতুন দিনের আলো জ্বালিয়ে যেন শেষ হয় ছয় দিনব্যাপী এই বৈচিত্র্যময় আয়োজন।