পুতুল নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালার করিডরে পুতুল প্রদর্শনীর দৃশ্য।
জাতীয় নাট্যশালার করিডরে পুতুল প্রদর্শনীর দৃশ্য।

সোমবার বিকেল। সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির নাট্যশালার বাইরে চলছিল পুতুল প্রদর্শনী। এ আয়োজনকে ঘিরে বেশ কিছু মানুষের জমায়েত। শিশুদের সংখ্যাটাই বেশি। ছোটবড় সবাই মুগ্ধ হয়ে দেখল সেই পরিবেশনা।

কুষ্টিয়ার শিল্পী আবদুল কুদ্দুসকে সম্মাননা দেওয়া হয়
কুষ্টিয়ার শিল্পী আবদুল কুদ্দুসকে সম্মাননা দেওয়া হয়

অভিভাবকেরা এ প্রদর্শনী দেখার জন্য সঙ্গে করে নিয়ে এসেছেন সন্তানদের। আয়োজনটি যে শিশুদের অনাবিল আনন্দ দিয়েছে, তা সহজেই বোঝা যায়। একটু পর পরই তারা তালি দিচ্ছে।
বিশ্ব পুতুল নাটক নিয়ে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আজ বিকেল থেকে নানা আয়োজন করে।

পরীক্ষণ থিয়েটারে রস+আলোর অনুপ্রেরণায় ‘জনৈক গরুর সাক্ষাৎকারের’ একটি মুহূর্ত
পরীক্ষণ থিয়েটারে রস+আলোর অনুপ্রেরণায় ‘জনৈক গরুর সাক্ষাৎকারের’ একটি মুহূর্ত

এই আয়োজনের শুরুতেই বিকেল সাড়ে তিনটায় জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার মূল হলের সামনে জলপুতুল পাপেট দলের পরিবেশনায় উন্মুক্ত পাপেট প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে বিশ্ব পুতুল নাট্য দিবস আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রশীদ হারুন। এই আয়োজনে ২০১৬ পুতুল নাট্য সম্মাননা দেওয়া হয় কুষ্টিয়ার শিল্পী আবদুল কুদ্দুসকে। অভিজ্ঞতা বর্ণনা করেন সাতক্ষীরার পুতুল নাট্যশিল্পী জরিনা বেগম এবং মানিকগঞ্জের বলরাম রাজবংশী।

পরীক্ষণ থিয়েটারে রস+আলোর অনুপ্রেরণায় ‘জনৈক গরুর সাক্ষাৎকারের’ একটি মুহূর্ত
পরীক্ষণ থিয়েটারে রস+আলোর অনুপ্রেরণায় ‘জনৈক গরুর সাক্ষাৎকারের’ একটি মুহূর্ত

আলোচনা ও সম্মাননা প্রদান শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় পরিবেশিত হয় ঐতিহ্যবাহী পুতুল নাট্য। এই পরিবেশনার মধ্যে ছিল মুনীর চৌধুরীর ‘কুপোকাত’, রস+আলো’র অনুপ্রেরণায় ‘জনৈক গরুর সাক্ষাৎকার’, জসীম উদদীন ও উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ‘টুনটুনি ও নাককাটা রাজা’।