
শৈশবে পুতুল খেলেনি এ রকম খুব কম লোকই খুঁজে পাওয়া যাবে, সে ছেলে কী মেয়ে যেই হোক। নিজ হাতে বানানো পুতুল, মায়ের বানিয়ে দেওয়া পুতুল, মেলায় কেনা পুতুল সঙ্গী হয়েছে শৈশবের। বর, বউ, ছেলে, মেয়ে, কুকুর, বিড়াল, গরু, ঘোড়া, হাতি, নৌকা—আরও কত রকমের পুতুল। পুতুল খেলা নিয়ে হইচই, ঝগড়াঝাঁটি, কান্নাকাটি, মান-অভিমান এসবই বোধ হয় অনেকেরই ছোটবেলার স্মৃতিজাগানিয়া গল্প। সে রকমই পুতুলের সমারোহ ছিল গতকাল সোমবার শিল্পকলা একাডেমিতে।
২১ মার্চ ছিল বিশ্ব পুতুলনাট্য দিবস। এ উপলক্ষে শিল্পকলা একাডেমি আলোচনা, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মানুষ উন্মুখ হয়ে দেখেছে জলপুতুল পাপেট দলের সেই পরিবেশনা। কয়েকজন বাবা-মা এই শো দেখার জন্য সঙ্গে করে নিয়ে এসেছেন তাঁদের শিশুসন্তানদের। বিশ্ব পুতুলনাট্য দিবসে শিল্পকলা একাডেমির এমনই আয়োজনে মন ভরেছে সবার।
আয়োজনের শুরুতে গতকাল বেলা সাড়ে তিনটায় জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলের লবিতে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল হলের সামনে জলপুতুল পাপেট দলের পরিবেশনায় ছিল উন্মুক্ত পাপেট প্রদর্শনী। পরে ছিল একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বিশ্ব পুতুলনাট্য দিবস আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রশীদ হারুন। ২০১৬ পুতুলনাট্য সম্মাননা প্রদান করা হয় কুষ্টিয়ার শিল্পী আবদুল কুদ্দুসকে। অভিজ্ঞতা বর্ণনা করেন সাতক্ষীরার পুতুলনাট্য শিল্পী জরিনা বেগম এবং মানিকগঞ্জের বলরাম রাজবংশী।
আলোচনা ও সম্মাননা প্রদান শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় পরিবেশিত হয় ঐতিহ্যবাহী পুতুলনাট্য। এই পরিবেশনার মধ্যে ছিল মুনীর চৌধুরীর কুপোকাত, রস+আলোর অনুপ্রেরণায় ‘জনৈক গরুর সাক্ষাৎকার’, জসীমউদ্দীন ও উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনি ও নাককাটা রাজা।