নিষ্প্রাণ সব পুতুলের কথা নিয়ে ওয়াল্ট ডিজনির টয় স্টোরি, টয় স্টোরি-২ ছবির সাফল্যের পর সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিরিজের টয় স্টোরি-৩। যা আগের ধারাবাহিকতায় বক্স অফিসের সেরা দশের মধ্যেই রয়েছে অনেক দিন ধরে। টয় স্টোরি-৩ পর্ব নিয়ে এ প্রতিবেদন।শিশুদের কাছে জনপ্রিয় খেলনা পুতুল। আর তা নিয়েই সারা বেলা কাটে অনেকের। নিজের মতো করে পছন্দের পুতুল নিয়ে সব সময়ই ব্যস্ত থাকে শিশুরা। নিষ্প্রাণ এসব পুতুল হঠাৎ যদি কথা বলে ওঠে, চমকে যাওয়ার মতো ব্যাপার হয় সেটা। আর পুতুলদের কাহিনি নিয়ে ১৯৯৫ সালে মুক্তি পায় টয় স্টোরি নামের অ্যানিমেশন ছবি। পুতুলদের গল্প নিয়ে ওয়াল্ট ডিজনি পিকচার্সের তৈরি প্রথম এ ছবিটি মুক্তির পরই সাড়া জাগিয়ে সারা বিশ্বে আয় করে নেয় ৩৬১ মিলিয়ন ডলার! পিকচার্স অ্যানিমেশন স্টুডিওতে তৈরি এ ছবিটি পরিচালনা করেন জন ল্যাসেটার। ছবিটির কাহিনি গড়ে ওঠে পুতুলদের নিয়ে, যেখানে মানুষের আড়ালে পুতুলদের বিভিন্ন গল্প নিয়েই ছবিটি তৈরি। মূল চরিত্রে রয়েছে শেরিফ উডি প্রাইড, যিনি একজন রাখাল বালক এবং একজন বাজ লাইটইয়ার নামের মহাশূন্য ভ্রমণকারী। দুটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হ্যাংকস ও টিম অ্যালেন। প্রথম ছবি টয় স্টোরি মুক্তির পর এর ব্যাপক সাফল্যে ১৯৯৯ সালে মুক্তি পায় টয় স্টোরি-২ ছবিটি। আর এর ১১ বছর পর মুক্তি পেয়েছে টয় স্টোরি-৩ ছবিটি, যা এখন পর্যন্ত বক্স অফিসের শীর্ষ দশে রয়েছে এবং আয় করেছে প্রায় ১৯০ মিলিয়ন ডলার! টয় স্টোরি-৩ মুক্তির আগে টয় স্টোরি ও টয় স্টোরি-২ পুনরায় ডিজনি ডিজিটাল থ্রিডি ফরমেটে প্রকাশ করা হয়েছে।উডি ও বাজ ছয় বছর বয়সী অ্যান্ডির প্রিয় দুটি পুতুল, যারা টয় স্টোরির মূল চরিত্রে রয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্ব তাদের ঘিরে নির্মিত হলেও নতুন এক ঘটনা নিয়ে মুক্তি পায় টয় স্টোরি-৩। এখানে দেখা যায়, অ্যান্ডি বড় হয়ে গেছে, তাই এখন আর সে পুতুল নিয়ে খেলে না। তার প্রিয় সব পুতুল থাকে বাক্সবন্দী অবস্থায়। অ্যান্ডি উডিকে ছাড়া বাকি পুতুলগুলো নিয়ে নতুন এক জায়গায় দিয়ে আসে, যেখানে অনেক শিশু পুতুল নিয়ে খেলাধুলা করে। সেখানে আগে থেকেই থাকা বেশকিছু পুতুল শুরুতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় অ্যান্ডির পুতুলগুলোর দিকে। পরে কৌশলে নানা ধরনের অত্যাচার করতে থাকে তাদের ওপর। এবার তাদের উদ্ধারে উডি এগিয়ে আসে। বিভিন্ন কৌশলে বন্ধুদের উদ্ধার করে আবার ফিরে আসে অ্যান্ডির বাসায়। অ্যান্ডি পুতুলগুলো পেয়ে তার এক ছোট বন্ধুকে দিয়ে আসে। হাতবদল হয়ে যায় পুতুলগুলো। অনেক দিনের বন্ধু অ্যান্ডি উডি আর বাজকে ছেড়ে চলে যায়। মন খারাপ হলেও নতুন বন্ধুর সঙ্গে খেলতে থাকে পুতুলগুলো। এভাবেই শেষ হয় টয় স্টোরি-৩-এর কাহিনি। সব মিলিয়ে এ ছবিতে ১৫০টি চরিত্র উপস্থাপন করা হয়।টয় স্টোরি ছবিতে অ্যান্ডি চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন সাত বছর বয়সী জন মরিস। এখন ২৫ বছরের সেই মরিসই আবার কণ্ঠ দিয়েছেন টয় স্টোরি-৩ ছবিতে অ্যান্ডি চরিত্রে। ২০০ মিলিয়ন ডলার বাজেটের এ ছবিটি এখনো সেরার তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে। মুক্তির পর ছবিটি প্রথম সপ্তাহে আয়ের দিক দিয়ে কাছাকাছি চলে এসেছে হ্যারি পটার সিরিজের হ্যারি পটার দ্য প্রিজনার অব আজকাবান ছবিটির কাছাকাছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা থেকে শুরু করে সারা বিশ্বেই টয় স্টোরি-৩-এর জয়জয়কার। এখনো দর্শকদের ভালোবাসা নিয়ে টয় স্টোরি ক্রমাগত এগিয়ে চলছে। পুতুলদের কথা নিয়ে তৈরি গল্পের এ ছবিতে সত্যিকারের জীবন্ত পুতুলদের দেখে এ ধরনের পুতুলের বেচাকেনাও বেড়ে গেছে অনেক দেশে! আপ, দ্য কার, ইনক্রিডিবল, ওয়াল-ইর মতো ছবির নির্মাতাপ্রতিষ্ঠান পিকচার্সের বড় চমক টয় স্টোরি, যার মাধ্যমেই নিজেদের সেরাটা দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এ ধরনের আরও অনেক ছবির পরিকল্পনা থাকলেও তা কী হবে, জানা যায়নি। তবে যা-ই হোক না কেন, দর্শকেরা মুখিয়ে আছে টয় স্টোরির মতো নতুন ছবির জন্য। নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: ওয়েবসাইট