পুতুলনাচের মনমাতানো উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুতুলনাচের মনমাতানো উৎসব শুরু হয়েছে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে। মঞ্চের দুই পাশে বাদ্যযন্ত্র নিয়ে বসেছেন বাদকেরা। মাঝখানে পুতুলনাচের জন্য বিশেষ ধরনের মঞ্চ। গানবাজনার সঙ্গে তারা কখনো নাচছে, কখনো হস্ত-মস্তক ঝুঁকিয়ে বলছে নাটকে সংলাপ। নেপথ্যে থেকে সুতোয় বাঁধা এসব পুতুলকে নাচিয়ে, অভিনয় করিয়ে দর্শকদের বিমল আনন্দ দিয়ে যাচ্ছেন দক্ষ নির্দেশক। দর্শকেরা করতালিতে অভিনন্দন জানাচ্ছে তাঁদের। প্রথম সন্ধ্যাতেই জমে উঠেছে উৎসব।গতকাল মঙ্গলবার থেকে শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনের পুতুলনাচ উৎসব। বাংলার লোকসংস্কৃতির আকর্ষণীয় ও বর্ণাঢ্য এই অনুষঙ্গ প্রায় হারিয়ে যেতে বসেছে পৃষ্ঠপোষকতার অভাবে। দেশের বিভিন্ন অঞ্চলের পুতুলনাচের দলগুলোকে সহায়তা দিতেই এই আয়োজন। উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।উদ্বোধনী দিনে দুটি পালা পরিবেশিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার রয়েল বীণা পুতুলনাচ পরিবেশন করে খণ্ড খণ্ড গল্প এবং সাতক্ষীরার নিউ নিজাম পুতুলনাচ পরিবেশন করে সতী বেহুলার পালা। প্রতিদিন সন্ধ্যা সাতটায় পালা পরিবেশিত হবে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিন তিনটি পালা পরিবেশিত হবে। কুষ্টিয়ার মনহরা পুতুলনাচ প্রেম সার্থক, কুড়িগ্রামের মনিকা পুতুলনাচ রাজা হরিশ্চন্দ্র এবং ব্রাহ্মণবাড়িয়ার বাণীবীণা পুতুলনাচ পরিবেশন করবে খণ্ড খণ্ড গল্প। আগামী বুধবার শেষ দিনে বাগেরহাটের দি আজাদ পুতুলনাচ পরিবেশন করেব খণ্ড খণ্ড গল্প এবং দিনাজপুরের সমন্বয় পুতুলনাচ পরিবেশন করবে রূপবান পালা।