
এমন শোভাযাত্রা সচরাচর দেখা যায় না। এক ঝাঁক শিশুর কলকাকলিতে মুখরিত চারপাশ। সবার হাতে নানা বয়সের, নানা রূপের, রঙের পুতুল। ওদের কারও হাতে জায়গা করে নিয়েছে হাতি-ঘোড়া-বাঘ-হরিণ, প্রজাপতি-ফড়িং আরও কত কী! শিশুরা মেতে থাকল পুতুলে। বড়রাও যেন ফিরে গেলেন শৈশবে। ছোট-বড় সবাই মুগ্ধ হলো পুতুলনাচে।
গতকাল শনিবার ছিল বিশ্ব পুতুলনাট্য দিবস। বাংলাদেশ শিল্পকলা একাডেমী দিনটি উদ্যাপন করল আলোচনা, শোভাযাত্রা, পাপেট প্রদর্শনী, পুতুলনাট্যশিল্পী সম্মাননা প্রদান ও পুতুলনাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে। ‘লাল পরী নীল পরী আর জলপুতুলের গল্প’ শিরোনামে বিশেষ কর্মশালার আয়োজন করে জলপুতুল নামে পাপেট তৈরির একটি সংগঠন। ঘণ্টা তিনেকের ওই কর্মশালায় নির্মিত হয় মজার মজার সব পুতুল।
সন্ধ্যায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গুণী পুতুলনাট্যশিল্পী সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের গুণী পুতুলনাট্যশিল্পী সম্মাননা পান দিনাজপুরের পুতুলনাট্যশিল্পী মণি দত্ত অধিকারী। তাঁর হাতে সম্মানীর ১০ হাজার টাকা, সম্মাননা স্মারক ও শিল্পকলা সনদ তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুন।
আলোচনার আগে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র চত্বরের পাপেট দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় উন্মুক্ত পাপেট প্রদর্শনী। আর আলোচনা শেষে মিলনায়তনে উপস্থাপিত হয় দিনাজপুরের সমন্বয় পুতুলনাট্যদলের পরিবেশনায় ও শিল্পী মণি দত্ত অধিকারীর পরিচালনায় পুতুলনাট্য গুনাই বিবি।
এর আগে দুপুরে একাডেমীর নাট্যশালার সেমিনারকক্ষে অধ্যাপক রশীদ হারুনের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের পুতুলনাট্য: শিল্পের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা। দিনাজপুর, সাতক্ষীরা, মানিকগঞ্জসহ দেশের নানা অঞ্চলের পুতুলনাট্যশিল্পীদের অংশগ্রহণে এ পর্বটি হয়ে ওঠে তাৎপর্যময়। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি হোসনে আরা জলি, বাংলা একাডেমির গবেষণা উপবিভাগের উপপরিচালক আমিনুর রহমান সুলতান, নাট্যকার ও গবেষক সাইমন জাকারিয়া প্রমুখ।