
শাকিরাকে কেউ দেখেছেন নাকি? অনেক দিন কোথাও তাঁর দেখা মিলছে না। মাস দুয়েক আগে সৈকতের পাড়ঘেঁষা এক অঞ্চলে একটা গানের ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে। কলম্বিয়ান শিল্পী কার্লোস ভাইবসের সঙ্গে ‘লা বিসিকলেতা’ গানটি গাওয়ার পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
শাকিরাকে কেউ দেখলে একটা বার্তা পাঠিয়ে দেবেন। গানের দুনিয়া এত দ্রুত এগিয়ে যাচ্ছে যে সেখানে অল্প কদিন অনুপস্থিত থাকলে তাঁকে কিন্তু লোকে মনে রাখবে না। নতুন করে তখন মনে করিয়ে দিতে হবে, ‘আমি কিন্তু শাকিরা। আমি কিন্তু ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের সময় “ওয়াকা ওয়াকা” গানটা গেয়ে সারা পৃথিবীকে একসঙ্গে নাচিয়েছিলাম।’ হয়তো লোকের মনে পড়ে যাবে কদিন আগেই অ্যানিমেটেড ছবি জুটোপিয়ায় ‘ট্রাই এভরিথিং’ গানটা করেছিলেন তিনি। কিন্তু গানের দুনিয়ার তারকারা কি আর কাউকে এত কিছু মনে রাখতে দেবেন? নিজেদের দিকে দৃষ্টি ফেরাতে আর কানটা তাঁদের দিকে তাক করিয়ে রাখতে প্রতিনিয়ত তৎপর তাঁরা। নতুন অ্যালবাম, নতুন ভিডিও, সেসবের প্রোমোশনাল করে ভক্ত-শ্রোতাদের রীতিমতো দৌড়ের ওপর রাখেন তাঁরা। আর গানের প্রতি কাতর পৃথিবী দুলতে থাকে তাঁদের সঙ্গে।
শাকিরাকে এত সব মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তাঁর ব্যক্তিগত ব্যবস্থাপক নিশ্চয়ই তাঁকে প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছেন, কোথায় অনুষ্ঠান করতে হবে, কোন ছবির গানে কণ্ঠ দিতে হবে, বিশ্বের কোন প্রান্তের শিল্পীর সঙ্গে যৌথভাবে তৈরি করতে হবে নতুন একটি গান। তারপরেও খ্যাতিমান এই শিল্পীকে খুঁজে পেলে অন্তত একটা খুদে বার্তা পাঠানো উচিত। সামাজিক মিডিয়ার এই যুগে তারকারা তো এখন আর দূরের কেউ নন।
শাকিরাকে খুঁজতে গিয়ে জানা গেল, স্প্যানিশ কণ্ঠশিল্পী অ্যালেসান্দ্রো স্যানজকে নিয়ে একটি অসাধারণ কাজে যুক্ত হয়েছেন তিনি। কী সেই কাজ! নতুন কোনো গান? না, দুজনে যৌথভাবে একটি পুতুলের নকশা করেছেন, ন্যাড়া পুতুল। শিশুরা যেসব পুতুল নিয়ে খেলবে সে ধরনের। সারা দুনিয়া যখন কোলাবরেট মিউজিক করছে, শাকিরা ভিন ভাষার শিল্পীকে নিয়ে শিশুদের খেলনা পুতুলের নকশা করছেন!
একটি এয়ারলাইনস ও আর্জেন্টিনার একটি দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় তৈরি হয়েছে পুতুলগুলো। দেশটির রাজধানী বুয়েনস এইরেসের একটি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের পুতুলগুলো দেওয়া হয়েছে। এগুলোর নকশা করেছেন শাকিরা ও স্যানজ। স্পেনের বহু হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়ছে এমন শিশুদেরও দেওয়া হবে ওই পুতুলগুলো। শুধুই মামুলি খেলনা নয়, এ পুতুলগুলো লাগানো হবে প্লে থেরাপির কাজে, যা ক্যানসারে আক্রান্ত শিশুদের যন্ত্রণা খানিকটা কমাবে। ইতিমধ্যে ৮০টি শিশুকে দেওয়া হয়েছে ওই ন্যাড়া পুতুলগুলো। এক শিশু ওই পুতুল পেয়ে খুশি হয়ে তার মাকে বলেছে, ‘মা, দেখো, এটা দেখতে অবিকল আমারই মতো!’
কিছুদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল একজন মা ও তাঁর ক্যানসার-আক্রান্ত শিশুর একটি ছবি। তাতে দেখা গেছে ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরের সব পশম পড়ে গেছে শিশুটির। নিজেকে দেখতে যেন সন্তানের মতো লাগে, সে জন্য সেই মা-ও তাঁর মাথার চুলগুলো ফেলে দিয়ে ন্যাড়া হয়ে গিয়েছিলেন।
রাসেল মাহ্মুদ
ফক্স নিউজ ও অন্যান্য অবলম্বনে