পুতুলের পথচলা
‘ছোটবেলায় পত্রিকায় যখন বিভিন্ন নায়ক-নায়িকার ছবি দেখতাম, মনে হতো, ইস্ আমিও যদি ওদের মতো হতে পারতাম!’ এটুকু বলেই ফিক্ করে হেসে উঠলেন পুতুল। তাঁর এই হাসির অর্থ কী? তবে কি অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি? শরীরে প্রবল ঝাঁকুনি দিয়ে মাথা দুলিয়ে বললেন, ‘না, না। আমি পথ চলতে শুরু করেছি মাত্র।’এর মধ্যেই ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালাসহ বেশ কটি নাটকে অভিনয় করে নজর কেড়েছেন পুতুল। কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রে। একই সঙ্গে টিভি চ্যানেলে উপস্থাপনাও করছেন। তবে সম্ভাবনাময় এই অভিনেত্রীর টিভির পর্দায় আসার গল্পটি যখন শুনছিলাম আমরা, অবধারিতভাবে সেই গল্পে জায়গা করে নিচ্ছিলেন সদ্যপ্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যনির্মাতা হুমায়ূন আহমেদ। ‘হুমায়ূন স্যারের কাছে আমি ভীষণভাবে ঋণী।’—কথাটি বলামাত্র তাঁর কাছে আমরাও ছুড়ে দিলাম পাল্টা প্রশ্ন—‘মানে?’ এবার খোলাসা করলেন পুতুল। বড় করে শ্বাস নিয়ে শুরু করলেন লম্বা গল্প, ‘আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। বিভাগের মঞ্চ-প্রযোজনাগুলোতে নিয়মিত কাজ করতাম। টিভিতে অভিনয়ের জন্য অতটা তোড়জোড় ছিল না। এ সময় নুহাশ চলচ্চিত্র থেকে ‘নতুন মুখ’ চেয়ে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেওয়া হলো। সময়টা ২০০৯। আমি হুমায়ূন আহমেদের মহাভক্ত। কী মনে করে যেন আবেদন করলাম নতুন মুখে। ভাবছি হবে না, পারব না। কিন্তু দেখি, প্রাথমিক বাছাইয়ে টিকে গেছি! এরপর হুমায়ূন স্যার সাক্ষাৎকার নেবেন। আমাকে ডাকা হলো। ভয়ে ভয়ে বসে আছি দখিন হাওয়ায়। পাশে থাকা হিমু মামা বইটি পড়ছি গোগ্রাসে। এর মধ্যে হুমায়ূন স্যার এসে আমাকে দেখেই বললেন, “আরে এ তো পিচ্কা মেয়ে।” সেই থেকে তাঁর কাছে আমি পিচ্কা মেয়ে। তো, হুমায়ূন স্যারের জহির কারিগর নাটকে নীলু চরিত্রে অভিনয় করলাম।’হুমায়ূন আহমেদের কথা বলতে গিয়ে পুতুলের চোখ ছলছল। হয়তো সেটাই স্বাভাবিক। কেননা, এবারের ঈদে হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বশেষ নাটক পিপীলিকার অন্যতম অভিনেত্রী তিনি। ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বললেন, ‘হুমায়ূন স্যারের সঙ্গে অনেক স্মৃতি—জহির কারিগর নাটকে আমার শট নেওয়া হবে। মেকআপ নিয়ে বসে আছি। হঠাৎ স্যার আমাকে দেখে মেকআপ আর্টিস্টকে বললেন, “এত সুইট একটা মেয়েকে মেকআপ দিয়ে পচা বানাইলা কেন? আগে মেকআপ তোল, পরে শট নেব।” এমন আরও কত কথা যে বলা যাবে তাঁর সম্পর্কে।’পুতুলের কথা ফুরোচ্ছে না। কিন্তু ভারী হয়ে উঠেছে পরিবেশ। কথা ঘুরিয়ে তাই এবার জানতে চাইলাম তাঁর অন্য গল্পগুলো। জামালপুরের মেয়ে পুতুল বললেন, ‘শৈশবে মনিমালা খেলাঘরে নাটক করতাম। নিয়মিত থিয়েটার দেখতাম। আর নাটকের টানেই ভর্তি হয়েছি নাটক বিভাগে। মঞ্চে অভিনয় করতে কী যে ভালো লাগে! এটা একটা অন্য জগৎ।’সেই অন্য জগৎ থেকে টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয়। বিজ্ঞাপনের ভুবনে আসা হলো কীভাবে? প্রশ্ন করতেই তাঁর জবাব, ‘অনেকটা হুট করেই। পরিচিত একজন ছবি চাইলেন, দিলাম। তারপর বিজ্ঞাপনে ডাক পেলাম। টেলিভিশনে এখন প্রতিদিনই আমার অভিনীত রবির বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে।’পাহাড়ি পরিবেশে কয়েকজন মারমা তরুণীর সঙ্গে আরও এক তরুণী। দুটি মাত্র তাঁর সংলাপ, ‘ভাইয়া, মার ফোন’ এবং ‘সোল ভাই, একটু আসেন তো’—রবির এ বিজ্ঞাপনটি দর্শকের কাছে নতুনভাবে পরিচিতি দিয়েছে তাঁকে। বিষয়টি কবুল করে একটু লজ্জাও পেলেন পুতুল। বলেন, ‘এর আগে কয়েকটি ডকুমেন্টারি বিজ্ঞাপনে অভিনয় করেছি। কিন্তু এই বিজ্ঞাপনটি বারবার দেখানোর ফলে দর্শকের পক্ষে আমাকে মনে রাখা সহজ হয়েছে।’যত সহজে কথাটি বললেন তিনি, অভিনয় ও বিজ্ঞাপনের ক্ষেত্রে তাঁর পথচলা কি ততটা সহজ হবে? প্রশ্নটির পর কয়েক মুহূর্ত নীরবতা। এরপর খুব দৃঢ় স্বরেই উচ্চারণ করলেন ‘না’ শব্দটি। অভিনয়কলা থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা এই অভিনেত্রীর কণ্ঠে এবার ঠিকরে উঠছে আত্মবিশ্বাস, ‘সহজে পথ চলতেও চাই না। অভিনয় আসলেই অনেক কঠিন। পাথর কেটে মূর্তি গড়ার মতো নিজেকে ভেঙে ভেঙে চরিত্রকে প্রতিনিয়ত ধারণ করতে হয়। আর আমি সবেমাত্র সেই পাথরটিই কাটতে শুরু করেছি...।’