পুতুলের ‘পুতুলগান’
দুই বছর পর একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন ক্লোজআপ তারকা হিসেবে খ্যাত সাজিয়া সুলতানা পুতুল। নাম ‘পুতুলগান’। এটি পুতুলের তৃতীয় একক অ্যালবাম। আগামী শনিবার সন্ধ্যায় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তিনি। ‘পুতুলগান’ অ্যালবামের সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজে।নতুন অ্যালবাম প্রসঙ্গে পুতুল বলেন, ‘আগের দুটি অ্যালবামের চেয়ে এবারের অ্যালবামটির কিছু বিশেষত্ব আছে। এবারই প্রথম পুরো অ্যালবামের সুর ও সংগীত করেছি আমি।’ তিনি বলেন, ‘এ অ্যালবামের আরেকটি বিশেষত্ব হলো, কেউ চাইলেই অ্যালবামটি পাইরেসি করতে পারবে না। এর সাউন্ড মিক্সিংয়ের কাজটি এমনভাবে করা হয়েছে যে, কেউ পাইরেসি করতে চাইলে তারা মূল সাউন্ডের অনেক কিছুই পাবে না। শিল্পী হিসেবে সংগীতাঙ্গনের প্রতি দায়বদ্ধতা থেকেই এটা করেছি। দেখা যাক কতটা সফল হতে পারি।’পুতুল আরও বলেন, ‘এটি হেভিমেটাল ধাঁচের অ্যালবাম। আমার জানামতে, বাংলাদেশে এর আগে কোনো নারী কণ্ঠশিল্পীর হেভিমেটাল ধাঁচের গানের অ্যালবাম বাজারে আসেনি। আসলে, এবারের এই অ্যালবামে আমি শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।’পুতুল বলেন, ‘অ্যালবামে গান থাকছে আটটি। প্রতিটি গানের প্রধান যন্ত্রানুষঙ্গ হিসেবে ছিল হারমোনিয়াম। আমি হারমোনিয়াম বাজিয়েছি, আর অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়েছেন বিভিন্ন মেটাল ব্যান্ডের সদস্যরা। তাঁদের মধ্যে আছেন লিড গিটারিস্ট রেজওয়ান, বেস গিটারিস্ট রনি, ড্রামার রিয়াজ এবং কি-বোর্ডিস্ট সুমন কল্যাণ ও সোহাগ। পুতুল বর্তমানে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাই-প্রক্রিয়ার অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। পুতুলের আগের দুটি অ্যালবাম হলো: ‘সন্ধ্যাবাড়ির বারান্দায়’ (২০০৮) এবং ‘মাটির পুতুল’ (২০১০)।