পুনঃপ্রচার কথাটি বলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহ থেকেই সারা দেশ উন্মুখ হয়ে ছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে। পাশাপাশি গত মাস থেকেই গোটা জাতির মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে। আর এ সবেরই ছায়াপাত ঘটেছে এ সপ্তাহে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানেও। তেমনি একটি অনুষ্ঠানের বিবরণ দিয়ে শুরু করব আমাদের এবারের টিভি সমালোচনা।

২২ ডিসেম্বর রাত নয়টায় চ্যানেল আইতে প্রচারিত হয় বিবিসি বাংলার নিয়মিত অনুষ্ঠান ‘বিবিসি প্রবাহ’। অনুষ্ঠানে এবারের আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন, আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ এবং শেষে অতিথি পাখি।

শুরুতেই নির্বাচন কমিশন গঠন আইন সম্পর্কে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। এ ছাড়া স্টুডিওতে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের আইন সম্পাদক আবদুল মতিন খসরু ও বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান। উপস্থাপক শারমীন রমার তির্যক প্রশ্নে উভয় দলের প্রতিনিধিই কিছুটা বিব্রত হন। কারণ প্রমাণিত হয় যে সংবিধানে থাকা সত্ত্বেও বিষয়টি উভয় দলই অতীতে এড়িয়ে গেছে।

এরপর আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। আর শেষে তুলে ধরা হয় আমাদের দরিদ্র দেশে ধনী দেশের অতিথি পাখিদের আগমন নিয়ে একটি প্রতিবেদন। সমসাময়িক বিষয়ের প্রামাণ্য উপস্থাপনাই ‘বিবিসি প্রবাহ’ অনুষ্ঠানটিকে করেছে দর্শকের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয়। এবার আসি গানের অনুষ্ঠানে।

২৩ ডিসেম্বর শুক্রবার বেলা তিনটায় দেশ টিভিতে সরাসরি প্রচারিত হলো গানের অনুষ্ঠান ‘প্রিয়জনের গান’। এবারের অনুষ্ঠানে গান শুনিয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। বিজয়ের মাস উপলক্ষে তিনি রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের ‘ও আমার দেশের মাটি’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করলেন। তারপর দুই ঘণ্টারও অধিক সময় তিনি একে একে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান গেয়ে শোনালেন। তাঁর গানের নির্বাচন ছিল আকর্ষণীয়, কিন্তু কণ্ঠ কিছুটা চেপে গান করায় উপস্থাপনা প্রাণবন্ত হয়ে ওঠেনি। গলা খুলে গাইলে শ্রোতাদের কাছে হতো আরও উপভোগ্য।

প্রসঙ্গক্রমে বলা যায়, বেশ কিছুদিন যাবৎ দেশ টিভির একটি যান্ত্রিক ত্রুটি শ্রোতাদের কাছে হয়ে উঠেছে বিরক্তিকর, আর তা হলো অনুষ্ঠানের পাত্রপাত্রীর ঠোঁটের সঙ্গে শব্দের অমিল। আশা করি চ্যানেল কর্তৃপক্ষ এ বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবে।

একই দিন বেলা ২টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে সরাসরি প্রচারিত হয় আরেকটি গানের অনুষ্ঠান, ‘ইচ্ছে গানের দুপুর’। এ অনুষ্ঠানে একটানা দুই ঘণ্টা লোকসংগীত থেকে শুরু করে শ্যামা সংগীত, আধুনিক, রবীন্দ্র, ব্যান্ডের গান, বিচিত্র সংগীত পরিবেশন করেন এ প্রজন্মের শিল্পী স্বপ্নিল সজীব। তাঁর কণ্ঠ মিষ্ট, কিন্তু অনেক গানেই সুরে গলা লাগেনি। এ ব্যাপারে তাঁর সতর্কতা ও অনুশীলন প্রয়োজন মনে হয়েছে। এ ছাড়া তিনি স্টুডিওতে গান করতে করতে ঘেমে উঠলেন কেন, ঠিক বোঝা গেল না।

এবার আসি টেলিছবি ও নাটক প্রসঙ্গে। টেলিছবি ও নাটক প্রচারের ক্ষেত্রে সব চ্যানেলের কিছুটা ফাঁকিবাজির আশ্রয় লক্ষণীয়। যেমন কোনটি নতুন আর কোনটি পুনঃপ্রচার, কোনো চ্যানেলই তা প্রকাশ করে না।

২৩ ডিসেম্বর শুক্রবার বেলা ২টা ৩৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হলো সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটক অ্যাভারেজ আসলাম। গল্পের সারবস্তুতে তেমন কিছু নেই, শুধু সিনেমাটিক দৃশ্যায়ন ও অতি অভিনয় দিয়ে দর্শকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। পুরান ঢাকার সংলাপ কিছুটা আকর্ষণীয় হলেও সবার কণ্ঠে সেটা মানায়নি। আর বাস্তবতাবিবর্জিত হওয়ায় শেষ দৃশ্যে অ্যাভারেজ আসলামকে অতিমানবীয় করে তোলার চেষ্টাও দর্শকের হৃদয় স্পর্শ করতে পারেনি। তবে মোশাররফ করিম, সাজু খাদেম, মোনালিসা, মারজুক রাসেল, জেনি এঁদের অভিনয় ভালো ছিল। যদিও নাটকটি পুনঃপ্রচার।

২৪ ডিসেম্বর শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে মাছরাঙা টিভিতে ফরহাদ লিমনের রচনা ও তাসলিমা মুক্তার পরিচালনায় প্রচারিত হলো টেলিছবি স্কেচ। এক ঘণ্টারও কম ব্যাপ্তির এ অনুষ্ঠানটিকে কেন টেলিছবি বলা হলো, বোঝা গেল না। পাত্রপাত্রীর অভিনয় ও কিছু কিছু দৃশ্যায়ন সুন্দর হলেও গতি এত ধীর যে মনঃসংযোগ করাই কঠিন হয়ে যাচ্ছিল।

একই দিন রাত ১১টা ৪০ মিনিটে এনটিভিতে মাতিয়া বানু শুকুর রচনা ও নূরুল আলম আতিকের পরিচালনায় প্রচারিত হয় নাটক নুনের মতন ভালোবাসা। মামুনুর রশীদ, মিতা চৌধুরী, শাহেদ ও মিথিলার অভিনয় ছিল সুন্দর। কাহিনির বাস্তবতা এবং চিত্রনাট্যের অভিনবত্বও ছিল প্রশংসনীয়। কিন্তু এখানেও ছিল ফাঁকিবাজির আশ্রয়, কারণ সম্ভবত ছিল নাটকটির পুনঃপ্রচার, অথচ তা বলা হয়নি।

এভাবে এক পর্বের নাটক, ধারাবাহিক, টেলিছবি ইত্যাদির নির্মাণ ও প্রচারের নানা পর্যায়ে চলছে নানা ধরনের ফাঁকিবাজি। দর্শকদের বোকা ভাবার কোনো কারণ নেই। বরং নির্মাতা, অভিনেতা ও চ্যানেল-সংশ্লিষ্টরা যদি এ ব্যাপারে স্বচ্ছ ও সতর্ক না হন, তাহলে একদিন তাঁদেরই ফাঁকে পড়ে কাতরাতে হবে, এটা সুনিশ্চিত।