পুনর্জন্মের দলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি সিনেমা দেখি কালে-ভদ্রে, সিনেমা নিয়ে লিখি আরও আশ্বিন-ভাদ্র মেপে। সিনেমার নির্মাণকলা বিষয়ে আমার জ্ঞান অল্প। কিন্তু গেরিলার মতো সিনেমা দেখে ওই অল্পজ্ঞান সম্বল করেই লিখতে ইচ্ছে হলো। নির্মাণকলার বাইরের ভালো লাগা-মন্দ লাগার কিছু বিষয় থাকে—গেরিলা সেই ভালো লাগার জায়গাতে একটা বড় ঢেউ তুলে গেছে। একটা সিনেমা দেখে কবে এতটা আপ্লুত হয়েছি মনে করতে পারি না। সে কি এ জন্য যে গেরিলার গল্পটি ১৯৭১-এর, আমাদের অস্তিত্বের মূলের, জাতি হিসেবে আমাদের আড়মোড়া ভেঙে জেগে ওঠার? হতে পারে। কিন্তু গেরিলা, আমার সীমিত জ্ঞান যেটুকু বলে, একটি ভালো সিনেমা। এর পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, যিনি নিজেও ছিলেন এক সাহসী গেরিলা। একাত্তরে পাকিস্তানি শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন তাঁর সাহসিকতা দিয়ে। আর গেরিলা আরেকবার একটি বিস্ফোরণ ঘটাল, ছবির শেষ দৃশ্যে বিলকিসের হাতে গ্রেনেডের বিস্ফোরণের মতো এবং জানিয়ে দিল, আমরা আছি, একাত্তর আছে, বাঙালি এখনো জেগে আছে। ছবিটা দেখতে দেখতে আমার মনে হয়েছে, দেশের সব তরুণ যদি এটি দেখত এবং আমি নিশ্চিত, একাত্তর থেকে এতটা দূরত্বে থেকেও তারাও আপ্লুত হতো; তাহলে আমাদের অনেক হীনম্মন্যতা কেটে যেত, আমাদের অহংকারটা চিরস্থায়ীভাবে জাগত—বাংলাদেশ ক্রিকেট দল বড় কোনো দলকে হারালে এক দিনের জন্য যেমন জাগে। গল্পটি অজটিল—একাত্তরের সব আপাত অজটিল গল্পের মতোই, যদিও সে গল্পে কষ্ট আর বেদনা, হাহাকার আর কান্না, আবার গর্ব ও অহংকারের কোনো শেষ থাকে না। বিলকিস থাকে তার স্বামী-শাশুড়িকে নিয়ে, পুরান ঢাকায়। স্বামী সাংবাদিক, সে ব্যাংকার। একাত্তরের ২৫ মার্চ রাতে স্বামী নিখোঁজ হয়। বিলকিস নামে স্বামীর খোঁজে। সান্নিধ্যে আসে আলতাফ মাহমুদের; তারপর মুক্তিযুদ্ধে জড়িয়ে যায়, নাম লেখায় আরবান গেরিলাদের দলে। বিলকিসের এক আশ্রয়দাতা, তসলিম সরদারকে খুন করে তারই আশ্রিত এক যুবক, যে একসময় রাজাকারের খাতায় নাম লেখায়। গেরিলারা তাদের কাজ করে যায়। বিলকিসের ঢাকায় থাকা অনিরাপদ হয়ে দাঁড়ায়। সে ফিরে যায় নিজ গ্রাম জলেশ্বরীতে। তার ভাই খোকন মুক্তিযোদ্ধা কমান্ডার, নিয়তির ফেরে তার সামনেই ধরা পড়ে পাকিস্তানিদের হাতে। তারপর যা হওয়ার তা-ই হয়। ভাগাড়ে ফেলে যাওয়া ভাইয়ের লাশ কবর দিতে গিয়ে বিলকিস ধরা পড়ে পাকিস্তানিদের হাতে। শেষমেশ ওই গ্রেনেড বিস্ফোরণে পাকিস্তানিদের কামুক অফিসারসহ পুরো ক্যাম্প উড়ে যায়। বিলকিসও। কিন্তু জয় হয় সত্যের, মানবতার, মানুষের চিরন্তন শ্রেয়বোধের, সাহসের—যেসবের সন্নিপাতে একাত্তর ছিল একাত্তর, আমাদের ইতিহাসের সবচেয়ে ঘটনার রূপকার। সিনেমার গল্প থাকে, চরিত্র থাকে, ঘটনাপ্রবাহ থাকে। গেরিলাতেও আছে। কিন্তু গল্পটা আমাদের জানা। এ গল্প অনন্তকাল আমরা বলে যাব। একদিকে বর্বরতা, পৈশাচিকতা, বীভৎসতার তাণ্ডব; অন্যদিকে সাহসিকতা, মাথা উঁচুতে তুলে বধ্যভূমিতে যাওয়ার বীরত্ব আর দেশের জন্য নিজেকে উৎসর্গ করার সাধনা। কিন্তু এ গল্পটি এখন অনেকে অস্বীকার করেন, একে মলিন করেন, এতে কালি লাগান; গেরিলা আমাদের বীরত্বের গল্পকে তার সব মহিমা দিয়েই আরেকবার বলে গেছে। এ ছবির পেছনে প্রচুর পরিশ্রম ছিল, ভালোবাসা ছিল। একাত্তরের ঢাকা আর বাংলাদেশ ঠিক ওই সময়ের ফ্রেমেই উঠে এসেছে—চল্লিশ বছরের ব্যবধানে কাজটা প্রায় অসম্ভব হলেও। গল্পে একটা টান টান উত্তেজনা রেখেছেন বাচ্চু। ঘটনাগুলোও ঘটে যায় এক অমোঘ অনিবার্যতায়। আর চরিত্রগুলো অসাধারণ জীবন্ত হয়ে ধরা পড়ে—বিশেষ করে বিলকিস, তসলিম সরদার আর আলতাফ মাহমুদের। বিলকিসের চরিত্রে জয়া আহসান অপূর্ব অভিনয় করেছেন। তিনিই ধরে রেখেছেন এর ঘটনাগুলোর পূর্বাপরতা, শুরু থেকে শেষের সময়যাত্রা। এ টি এম শামসুজ্জামান এক জনগোষ্ঠীর বিশেষ মনস্তত্ত্বে ও ভাষায় নিজেকে স্থাপন করে তাঁর অভিনব কুশলতা প্রমাণ করেছেন। আহমেদ রুবেল জীবনে ফিরিয়ে এনেছেন আলতাফ মাহমুদকে—পুরোটা না হলেও তাঁর ব্যক্তিত্বকে তো বটেই। গেরিলা যোদ্ধাদের নামগুলো আমাদের পরিচিত, কেউ বা অপরিচিত, কিন্তু তাঁরা যে এপিক সংগ্রামের অংশ ছিলেন, তার রূপায়ণ এক এপিক ক্যানভাসে অত্যন্ত কুশলতায় করে গেছেন নাসির উদ্দীন ইউসুফ। গেরিলা আমাকে একাত্তরে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। এ একাত্তরে আমি ছিলাম। এ বছর আমাদের পুনর্জন্ম হয়েছিল। গেরিলা সেই পুনর্জন্মের প্রামাণ্য দলিল।