পুবের আকাশ রাঙা হলো সাথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেমন্তের বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ চত্বরে সূর্যের লাল আভা ঠিকরে পড়ছিল। টিএসসির প্রবেশমুখেই লাল রঙে রাঙা ফটক। চত্বরে মঞ্চের শিল্পীদের পরনেও লাল পাঞ্জাবি আর লালপেড়ে শাড়ি। চারদিকে যেন লালের জয়জয়কার। উপস্থিত দর্শকদের চোখেমুখেও কী যেন এক আনন্দের আভা। যে বিষয়কে কেন্দ্র করে এই আয়োজন তাঁর স্লোগান হচ্ছে, ‘পুবের আকাশ রাঙা হলো সাথি/ ঘুমায়ো না আর, জাগো রে’। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। গতকাল শুক্রবার বিকেলে টিএসসিতে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু। উদ্বোধন করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী। এরপর উদীচীর শিল্পীরা পরিবেশন করেন সংগঠন সংগীত, ‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে/ যদি ভাবি কোটি জনতার মুখ’ গানটি।টিএসসি মিলনায়তনের প্রবেশমুখে ছিল ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলায় শহীদ ১০ জন এবং ২০০৫-এ নেত্রকোনায় বোমা হামলায় নিহত দুই শিল্পী-কর্মীসহ উদীচীর প্রয়াত কর্মীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন। এরপর আলোচনা। উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ ইদুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সিপিবির নেতা মোর্শেদ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, ম. হামিদ, আখতার হুসেন, গোলাম কুদ্দুস, ইকরাম আহমেদ, মাহমুদ সেলিম, রেজাউল করিম সিদ্দিক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক এবং কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক নিরঞ্জন অধিকারী। শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুল আলম।এরপর ছিল গণসংগীত, অন্যান্য গান ও আবৃত্তি। প্রতিক্রিয়াশীল অন্ধকারের শক্তির বিপরীতে চিরকাল বলিষ্ঠ কণ্ঠের উদীচীর শিল্পীরা পরিবেশন করেন ‘গ্রাম থেকে জেগে ওঠো’, ‘কারখানাতে খেত খামারে’, ‘প্রাণে প্রাণে প্রাণ জেগেছে’, ‘জোয়ার গাঙে বান ডেকেছে’, ‘বিশ্বের নিপীড়িত ওরে দাও’ গণসংগীতগুলো। নৃত্যমের শিল্পীরা ‘জারুলের ফুলে দলে দলে ভ্রমর উড়িয়া উড়িয়া চলে’ ও উদীচীর নৃত্যশিল্পীরা ‘আজি সপ্তসাগরে উঠে উছলিয়া’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। ছিল কবিতা আবৃত্তিও। সবশেষে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা পরিবেশন করে নাটক ‘বাতাসে শঙ্খধ্বনি’।আমাদের যশোর অফিস জানায়, ‘আয় রে আয় নিয়ে আয়, নতুন বারতা’ স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা শাখা সংগঠনের প্রতিষ্ঠার ৪২ বছর উদ্যাপন করেছে। গতকাল সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়। বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়। শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, গতকাল উদীচী শ্রীমঙ্গল শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার লেবার হাউস মিলনায়তনে সকালে সম্মেলনের উদ্বোধন করেন উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মকবুল হোসেন। সম্মেলনে এম এ রহিমকে সভাপতি ও কমলকলি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। সন্ধ্যায় ছিল সংগীত ও নৃত্যানুষ্ঠান।