
বাংলাদেশের তরুণদের সাহিত্যচর্চা ও সাধনাকে আরও গতিশীল করতে ‘এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ দেওয়া হচ্ছে ২০০৮ সাল থেকে। সাহিত্যের বিকাশকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যে এ বছর পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
এই বিভাগগুলো হলো প্রথম. কবিতা, দ্বিতীয়. ছোট গল্প ও উপন্যাস, তৃতীয়. প্রবন্ধ গবেষণা ও নাটক, চতুর্থ. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বা প্রবন্ধ, পঞ্চম. শিশু-কিশোরদের জন্য রচিত কবিতা, গল্প ও উপন্যাস। গতকাল বুধবার সকালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রতিটিতে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
আগামী ২২ ডিসেম্বরের মধ্যে পাঁচ কপি বই জমা দিতে হবে। সেই সঙ্গে একটি ঘোষণাপত্র দিতে হবে যে বইটি বাংলাদেশি লেখকের মৌলিক সাহিত্যকর্ম, লেখকের বয়স নির্ধারিত বয়ঃক্রমের মধ্যে এবং বইটি এই পুরস্কারের জন্য উপস্থাপন করা হচ্ছে। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা সমমানের সনদের অনুলিপি দিতে হবে কালি ও কলম দপ্তরে (বেঙ্গল সেন্টার, প্লট ২, সিভিল এভিয়েশন, নিউ এয়ারপোর্ট রোড, পোস্ট-খিলক্ষেত, ঢাকা ১২২৯)।
অনুষ্ঠানে এইচএসবিসির প্রধান নির্বাহী অ্যান্ড্রু টিল্ক বলেন, আন্তর্জাতিক ব্যাংক হিসেবে এ প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা থেকে এ আয়োজন করা হয়।
কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত বলেন, ২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত প্রকাশিত গ্রন্থ এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে। তিনি আরও বলেন, শিশু ও কিশোরদের জন্য নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে এবার নতুন এ বিষয় যোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কালি ও কলম পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য লুভা নাহিদ চৌধুরী এবং এইচএসবিসি যোগাযোগ বিভাগের প্রধান তালুকদার নোমান আনোয়ার বক্তব্য দেন।